চার শিল্পীর আঁকা গণচিত্রে মূর্ত যুদ্ধাপরাধীদের কুকীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা জাতির অভিন্ন মত ‘গণচিত্রে’ ফুটিয়ে তুলেছেন চার চিত্রশিল্পী। গতকাল শুক্রবার তাঁদের আঁকা ১৬০ ফুট দৈর্ঘ্যের চারটি ‘গণচিত্র’ শহীদ মিনারের পাদদেশে উদ্বোধন করা হয়।সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আঁকা এসব চিত্রকর্মের ডিজিটাল প্রতিচ্ছবি (রেপ্লিকা) তৈরি করে আগামী পয়লা বৈশাখ ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় প্রদর্শন করা হবে। পরে তা প্রদর্শিত হবে সারা দেশেই।চিত্রকর্মগুলো এঁকেছেন শিল্পী মনিরুজ্জামান, নিসার হোসেন, শেখ আফজাল ও শিশির ভট্টাচার্য্য। এ কাজ সম্পর্কে শিল্পী নিসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযুদ্ধ ও এতে যুদ্ধাপরাধীদের কী ভূমিকা ছিল সেটাই চিত্রগুলোর উপজীব্য। প্রথম তিনটি চিত্রে মুক্তিযুদ্ধ চলাকালে এবং পরবর্তী সময়ে যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক শক্তির নৃশংসতা-অত্যাচারের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আর শেষ চিত্রকর্মে দেখানো হয়েছে মুক্তিযোদ্ধাদের বিজয়।’নিসার জানান, ৩ এপ্রিল এসব চিত্রকর্ম আঁকা শুরু করেন তাঁরা। অ্যাক্রেলিক ক্যানভাসে এসব চিত্র আঁকা হয়েছে। প্রতিটি চিত্রকর্মের দৈর্ঘ্য ৪০ ফুট। চিত্রকর্মগুলোর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ফয়েজ আহমদ বলেন, দেশের জনগণ গত ৩৯ বছরে যুদ্ধাপরাধীদের ক্ষমা করেনি। যুদ্ধাপরাধীদের বিচারের যে গণদাবি তাকে শিল্পীরা চিত্রকর্মের মাধ্যমে তুলে এনেছেন। জনগণকে সচেতন করতে চিত্রগুলো কাজ করবে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে মুক্তিযুদ্ধের আদর্শ টিকিয়ে রাখতে হবে। যুদ্ধাপরাধীরা কখনোই মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করেনি। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু অবিলম্বে ট্রাইব্যুনালের কাছে যুদ্ধাপরাধীদের আত্মসমর্পণ করার আহ্বান জানান।জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, চিত্রের রাজনৈতিক শক্তি ও শিল্পশক্তি জাতিকে যুদ্ধাপরাধীদের বিচারের দিকে নিয়ে যাবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রামেন্দু মজুমদার, বিমল বিশ্বাস, খালেকুজ্জামান ভূইয়া, হাসান আরিফ প্রমুখ।