চার শিশু হত্যা: আসামিদের জামিন নামঞ্জুর
হবিগঞ্জের বাহুবলের চার শিশু হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আট আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার হবিগঞ্জ বিচারিক হাকিম কাউছার আলমের আদালতে তাঁদের জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।
হবিগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাজী কামাল হোসেন সাংবাদিকদের বলেন, আজ হবিগঞ্জ বিচারিক হাকিম কাউছার আলমের আদালতে এই আট আসামির জামিন আবেদন করেন তাঁদের আইনজীবীরা। আদালত জামিন নামঞ্জুর করেন। পরে আদালত আগামী ২৫ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
জামিন আবেদন করা আসামিরা হলেন, আবদুল আলী, জুয়েল মিয়া, হাবিবুর রহমান ওরফে আরজু, রুবেল মিয়া, ছায়েদ আলী, বিল্লাল মিয়া, উস্তার মিয়া ও বাবুল মিয়া। এদের মধ্যে বিল্লাল, উস্তার ও বাবুল পলাতক।
গত ১৭ ফেব্রুয়ারি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে বালু খুঁড়ে চার শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা হওয়ার পর তদন্তে এ আটজনসহ নয়জনের সম্পৃক্ততা পায় পুলিশ। গত ৫ এপ্রিল পুলিশ নয়জনের নামের অভিযোগপত্র দেয় পুলিশ। কিন্তু এদের মধ্যে বাচ্চু মিয়া নামের এক আসামি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় অভিযোগপত্রে তাঁকে অব্যাহতির আবেদন করা হয়।