অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলায় চার শিশু হত্যা মামলার অভিযোগপত্র আজ মঙ্গলবার আমলে নিয়েছেন আদালত। হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে এ অভিযোগপত্র গৃহীত হয়।

অভিযোগপত্র আমলে নিয়ে আদালতের বিচারক কিরণ শংকর হাওলাদার গ্রেপ্তার হওয়া পাঁচ আসামির জামিন নামঞ্জুর করেন। সেই সঙ্গে পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অভিযোগপত্রে মোট নয়জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে একজন ক্রসফায়ারে নিহত হয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল আলোচিত এই হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ। কিন্তু এর আগে গ্রেপ্তার হওয়া আসামিরা জেলা জজ আদালতে জামিন চান। ওই আদালতে মামলার নথি থাকায় এবং একজন আসামি নিজেকে অপ্রাপ্তবয়স্ক দাবি করে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন জানানোয় এত দিন ওই অভিযোগপত্রের ওপর শুনানি করা যায়নি। আজ মঙ্গলবার এ মামলার নির্ধারিত তারিখ ছিল। হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক কিরণ শংকর হাওলাদার এ অভিযোগপত্র শুনানি শেষে তা আমলে নেন। পাশাপাশি পাঁচ আসামি জামিন চাইলে তা নামঞ্জুর করেন এবং পলাতক তিন আসামি বিল্লাল মিয়া (৩০), উস্তার মিয়া (৩৮) ও বাবুল মিয়ার (৪৫) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জুলাই।

পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, গ্রাম্য কোন্দলকে ঘিরে গ্রামের ভেতরে দুটি পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধ থেকেই চার শিশুকে হত্যা করা হয়। অভিযুক্ত ব্যক্তিরা হলেন বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের পঞ্চায়েত নেতা আবদুল আলী (৬০), তাঁর পক্ষের জুয়েল মিয়া (২০), হাবিবুর রহমান ওরফে আরজু (৪০), রুবেল মিয়া (১৮), ছায়েদ আলী (৩২), বিল্লাল মিয়া (৩০), উস্তার মিয়া (৩৮), বাবুল মিয়া (৪৫) ও বাচ্চু মিয়া (৩২)। এঁদের মধ্যে বাচ্চু মিয়া গত এপ্রিল মাসে র‍্যাবের সঙ্গে ক্রসফায়ারে মারা যান। বাকিরা কারাগারে আছেন।

গত ১২ ফেব্রুয়ারি বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে সুন্দ্রাটিকি গ্রামের ওই চার শিশু নিখোঁজ হয়। এর পাঁচ দিন পর ১৭ ফেব্রুয়ারি তাদের অর্ধগলিত লাশ বালুচাপা অবস্থায় পাওয়া যায়।