চার শিশু হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার চার শিশু হত্যা মামলায় গতকাল বুধবার তিনজনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। এর মধ্য আলোচিত মামলাটির বিচার কার্যক্রম শুরু হলো।

মামলার নির্ধারিত তারিখে গতকাল হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহর আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। এ সময় আসামিরা উপস্থিত ছিলেন। তিন সাক্ষী হলেন আবদুল আহাদ, আফজল মিয়া তালুকদার ও এমরান। আগামী ২৪ ও ২৫ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। এ সময় কাঠগড়ায় হাজির ছিলেন গ্রেপ্তার হওয়া পাঁচ আসামি আবদুল আলী, তাঁর দুই ছেলে রুবেল ও জুয়েল, তাঁদের আত্মীয় আরজু ও ছায়েদ আলী।

দুপুর ১২টায় আবদুল আহাদের সাক্ষ্য নেওয়ার মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হয়। পরে অন্য দুই সাক্ষী বিকেল সাড়ে চারটা পর্যন্ত সাক্ষ্য দেন। বাদীপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, এ মামলায় মোট সাক্ষী ৫৯ জন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু তাজেল মিয়া (১০), তার দুই চাচাতো ভাই জাকারিয়া শুভ (৮), মনির মিয়া (৭) ও প্রতিবেশী ইসমাইল হোসেন (১০) বাড়ির পাশে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্রুয়ারি বালুচাপা অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। পুলিশ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আসামিদের মধ্যে বাচ্চু মিয়া নামের একজন ঘটনার পর র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। অভিযোগপত্রভুক্ত আট আসামির মধ্যে পাঁচজন কারাগারে এবং তিনজন পলাতক।