চার শিশুহত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের শুনানি পেছাল
হবিগঞ্জের বাহুবল উপজেলায় চার শিশুহত্যার মামলার আট আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানি পিছিয়ে আগামী ২০ জুলাই ধার্য করা হয়েছে। আজ সোমবার হবিগঞ্জের বিচারিক হাকিম কিরণ শঙ্কর হাওলাদার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আলোচিত হত্যা মামলার নয় আসামির মধ্যে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বাচ্চু মিয়ার (৩৪) মৃত্যু হয়। বাকি আটজনের পক্ষে আজ হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে জামিন চাওয়া হয়। পাশাপাশি এ মামলার আসামি রুবেল মিয়ার ১৬৪ ধারার জবানবন্দি প্রত্যাহারের দাবি জানান আসামিপক্ষের আইনজীবী। তাঁর যুক্তি, রুবেল অপ্রাপ্তবয়স্ক; ভয় দেখিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। বিচারক শুনানি শেষে আসামি রুবেলের বয়স নির্ণয়ের জন্য ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেন।
যাঁদের জামিন চাওয়া হয়, তাঁরা হলেন বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের পঞ্চায়েত নেতা আবদুল আলী (৬০), তাঁর পক্ষের জুয়েল মিয়া (২০), হাবিবুর রহমান ওরফে আরজু (৪০), রুবেল মিয়া (১৮), ছায়েদ আলী (৩২), বিল্লাল মিয়া (৩০), উস্তার মিয়া (৩৮) ও বাবুল মিয়া (৪৫)। তাঁদের মধ্যে বিল্লাল, উস্তার ও বাবুল পলাতক। বাকিরা কারাগারে আছেন।
আজ এ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে একজন আসামির বয়স নির্ধারণ নিয়ে আসামিপক্ষের আবেদন থাকায় আদালত এ অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানি না করে ২০ জুলাই পরবর্তী তারিখ ধার্য করেন।
সুন্দ্রাটিকি গ্রামে গত ১৭ ফেব্রুয়ারি ওই চার শিশুর অর্ধগলিত লাশ বালুচাপা অবস্থায় পাওয়া যায়। তারা ১২ ফেব্রুয়ারি বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। গত ১৬ ফেব্রুয়ারি বাহুবল থানায় কারও নাম উল্লেখ ছাড়াই নিখোঁজের মামলা করা হয়। লাশ উদ্ধারের পর পুলিশ তদন্ত করে নয়জনকে অভিযুক্ত করে ৫ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়।