চার শিশু হত্যাকাণ্ড: গ্রেপ্তার আরও ৩, দুজন রিমান্ডে

হবিগঞ্জের বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামে চার শিশু হত্যাকাণ্ডের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল পাঁচজনে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় আগে গ্রেপ্তার হওয়া দুই আসামি আবদুল আলী ও তাঁর ছেলে জুয়েল মিয়াকে আদালতে হাজির করে ১০ দিনের করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। হবিগঞ্জ বিচারক আদালত বাহুবল-৯ এর বিচারক কাওছার আলম রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান বলেন, চার শিশু হত্যার ঘটনায় গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার বিভিন্ন স্থান থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন: আবদুল আলীর আরেক ছেলে রুবেল মিয়া (১৮), সুন্দ্রাটিকি গ্রামের আরজু মিয়া (৪০) ও বশির মিয়া (৪০)।
এদিকে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র মামলাটি তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরের আদেশ দিয়েছেন। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোক্তাদির হোসেনকে এ মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান প্রথম আলোকে জানান, চার শিশু হারিয়ে যাওয়ার পর অপহরণ মামলা করা হয়েছিল। আদালতের অনুমতিক্রমে ওই মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়া হয়েছে।
গত শুক্রবার গ্রামের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় চার শিশু। তারা হলো মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ (৯), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির (৭) ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (৮)। জাকারিয়া, তাজেল ও মনির সম্পর্কে আপন চাচাতো ভাই। তিনজনই সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ইসমাইল গ্রামের ইসলামিয়া কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। পাঁচ দিন পর গতকাল বুধবার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে গ্রামের এক ছড়া (ছোট নদী) থেকে বালুচাপা অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।
ঘটনাকে ‘লোমহর্ষক’ উল্লেখ করে সিলেট অঞ্চলের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হত্যাকারীদের তথ্যদাতার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
আরও পড়ুন: