চার শিশু হত্যায় আরও একজনের ১৬৪ ধারায় জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু হত্যায় গ্রেপ্তার শাহেদ আলী আজ বুধবার হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে চার শিশু হত্যায় গ্রেপ্তার সাতজনের মধ্যে শাহেদ আলীসহ চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।

পুলিশ জানিয়েছে, শাহেদ আলী জবানবন্দিতে বলেছেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনায় তারা ৯ জন জড়িত ছিলেন।
আজ বেলা ১১টার দিকে চার শিশু হত্যায় অন্যতম অভিযুক্ত শাহেদ আলীকে আদালতে হাজির করে পুলিশ। বেলা ১টার দিকে শাহেদ আলীকে বিচারিক হাকিম মো. কাউছার আলমের আদালতে হাজির করা হয়। সেখানে বিকেল সাড়ে চার পর্যন্ত বিচারক তাঁর জবানবন্দি রেকর্ড করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মুক্তাদির হোসেন প্রথম আলোকে বলেন, শাহেদ আলী জবানবন্দিতে জানান, এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনায় তাঁরা ৯ জন জড়িত ছিলেন। তারা দুটি সিএনজিচালিত অটোরিকশা যোগে চার শিশুকে অপহরণ করে অভিযুক্তরা মিলে লেবু বাগানে নিয়ে যায়।
এ হত্যা মামলা পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছেন। এর মধ্যে শাহেদ আলীসহ চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

১২ ফেব্রুয়ারি গ্রামের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় চার শিশু। তারা হলো মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ (৯), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির (৭) ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (৮)। জাকারিয়া, তাজেল ও মনির সম্পর্কে আপন চাচাতো ভাই। তিনজনই সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ইসমাইল গ্রামের ইসলামিয়া কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। পাঁচ দিন পর ১৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে এক কিলোমিটার দূরে গ্রামের এক ছড়া (ছোট নদী) থেকে বালুচাপা অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।
এই ঘটনায় নিহত শিশু মনিরের বাবা আবদাল মিয়া বাদী হয়ে বাহুবল থানায় অপহরণ করে হত্যার অভিযোগে মামলা করেন।