চার শিশুকে যৌন নির্যাতন, ব্যবসায়ী রিমান্ডে
রাজধানীর হাজারীবাগে চার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আজ বৃহস্পতিবার এক ব্যবসায়ীকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ওই ব্যবসায়ীর বিরুদ্ধে গতকাল বুধবার যৌন নির্যাতনের অভিযোগ এনে হাজারীবাগ থানায় মামলা করেন এক শিশুর বাবা। আজ বৃহস্পতিবার ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানার পুলিশ। তাঁকে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চার শিশুর মধ্যে তিনটি শিশুর বাবা আজ আদালতে হাজির হয়েছিলেন। এঁদের মধ্যে মামলার বাদী এক বাবা প্রথম আলোকে বলেন, যে ব্যক্তি তাঁর মেয়েকে যৌন নির্যাতন করেছেন, তিনি হাজারীবাগ এলাকার হোটেল ব্যবসায়ী। একই বাসায় তাঁরা ভাড়া থাকেন। ওই ব্যবসায়ীর স্ত্রী ও ছেলে-মেয়ে আছে। কিন্তু বাসায় তরকারি কাটার কথা বলে তাঁর মেয়েকে ডেকে নেন ওই ব্যবসায়ী। পরে তাঁর নিজের শোওয়ার ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করেন। একইভাবে অন্য তিন শিশুকেও বিভিন্ন সময় কৌশলে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করেছেন।
মামলার এজাহারে জানা যায়, শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনা জানাজানি হলে ৫ মার্চ হাজারীবাগে স্থানীয়ভাবে সালিস বৈঠক হয়। ওই বৈঠকে হোটেল ব্যবসায়ী চার শিশুর ওপর যৌন নির্যাতন করার কথা স্বীকার করেছেন।
ঢাকার আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, তিন শিশু যৌন নির্যাতনের বিষয়টি বিচারকের কাছে বর্ণনা করেছে। আদালত শিশুদের জবানবন্দি রেকর্ড করার পর তাদের পরিবারের জিম্মায় দিয়েছেন।