চার শিশুকে যৌন নির্যাতন, ব্যবসায়ী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে চার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী মিজানুর রহমানকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার থেকে হাজারীবাগ থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, গত বুধবার এক শিশুর বাবা ব্যবসায়ী মিজানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে হাজারীবাগ থানায় মামলা করেন। এরপর গতকাল সকালে হাজারীবাগ থানার পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে পুলিশ তাঁকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, চার শিশুর মধ্যে তিনটি শিশুর বাবা গতকাল আদালতে হাজির হয়েছিলেন। এঁদের মধ্যে মামলার বাদী এক বাবা প্রথম আলোকে বলেন, মিজান তাঁর মেয়েকে যৌন নির্যাতন করেছেন, তিনি হাজারীবাগ এলাকার হোটেল ব্যবসায়ী। মিজান তাঁর বাসায় সাবলেট থাকেন। বাসায় তরকারি কাটার কথা বলে তাঁর মেয়েকে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন মিজান। একইভাবে অন্য তিন শিশুকেও বিভিন্ন সময়ে কৌশলে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করেছেন।
হাজারীবাগ থানার পুলিশ জানায়, শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনা জানাজানি হলে ৫ মার্চ হাজারীবাগে স্থানীয়ভাবে সালিস বৈঠক হয়। ওই বৈঠকে হোটেল ব্যবসায়ী চার শিশুর ওপর যৌন নির্যাতন করার কথা স্বীকার করেছেন।