চার শিশুকে হত্যা: আরেকজনের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুকে হত্যা মামলায় গ্রেপ্তার আসামি আরজু মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বুধবার বেলা তিনটার দিকে হবিগঞ্জের বিচারিক হাকিম আদালতে তিনি এ জবানবন্দি দেন। আদালতের বিচারক মো. কাউছার আলম এই আসামির জবানবন্দি রেকর্ড করেন।

আরজু মিয়া আদালতে তাঁর জবানবন্দিতে বলেন, তাঁরা এ হত্যাকাণ্ডের সময় দুটি অটোরিকশা ব্যবহার করে শিশুদের অপহরণ করেন। শিশুদের সুন্দ্রাটিকি গ্রামের মাঝামাঝি একটি স্থান থেকে প্রথমে একটি অটোরিকশায় উঠানো হয়। এর পেছনের অটোরিকশায় ছিল আরও চার-পাঁচজন। পরে এ শিশুদের নিয়ে যাওয়া হয় গ্রাম্য পঞ্চায়েতের একটি পক্ষের প্রধান আবদুল আলীর লেবু বাগানে। সেখানে ১৪ ফেব্রুয়ারি হত্যা করা হয় এই শিশুদের। এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তিনিসহ নয়জন। এ ছাড়া আরও বেশ কয়েকজন তাঁদের সহযোগিতা করেন।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, হত্যার প্রধান অভিযুক্ত গ্রাম্য পঞ্চায়েতের একটি পক্ষের দলনেতা আবদুল আলীর সহযোগী আরজু মিয়া। তিনি আবদুল আলীকে এ হত্যাকাণ্ডের বিষয়ে সব ধরনের সহযোগিতা করেন।

এ হত্যা মামলায় পুলিশ এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে। এর আগে এই মামলায় গ্রেপ্তার আসামি জুয়েল ও তাঁর ভাই রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

১২ ফেব্রুয়ারি গ্রামের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় চার শিশু। তারা হলো মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ (৯), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির (৭) ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (৮)। জাকারিয়া, তাজেল ও মনির সম্পর্কে আপন চাচাতো ভাই। তিনজনই সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ইসমাইল গ্রামের ইসলামিয়া কওমি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। পাঁচ দিন পর ১৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে এক কিলোমিটার দূরে গ্রামের এক ছড়া (ছোট নদী) থেকে বালুচাপা অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।

আরও পড়তে ক্লিক করুন
চার শিশুকে মেরে লাশ বালুচাপা