চার শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল সদর হাসপাতালে গতকাল শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে চার নবজাতকের মৃত্যু হয়েছে। অভিভাবকদের অভিযোগ, মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ব্যবহার বা ভুল চিকিৎসায় তাদের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মারা যাওয়া চার শিশু হলো: সদর উপজেলা বড়রিয়া গ্রামের শাজাহান মিয়ার ছেলে আল আমিন (আট দিন), কালিহাতী উপজেলার বানিয়াফৈর গ্রামের রিপন মিয়ার ছেলে (চার দিন), সদরের লিটন মিয়ার ছেলে (২০ দিন) এবং মোর্শেদার ছেলে (আট দিন)।

জানা গেছে, হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম গত বৃহস্পতিবার রাতে শিশুদের জন্য ব্যবস্থাপত্র লিখে যান। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ওই ব্যবস্থাপত্র মোতাবেক এক শিশুকে ইনজেকশন দেওয়া হয়। এরপর মাত্র ২০ মিনিটের মধ্যে শিশুটির মৃত্যু হয়। পরে দুপুর ১২টার দিকে আরও তিন শিশুকে একই ইনজেকশন দেওয়ার পর তারাও মারা যায়।

মারা যাওয়া শিশু আল আমিনের মা হোসনে আরা জানান, ঠান্ডাজনিত সমস্যার কারণে তাঁর ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল নয়টার দিকে এক সেবিকা তাকে একটি ইনজেকশন দেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরই সে চিৎকার দিয়ে মারা যায়।

হোসনে আরা অভিযোগ করেন, চিকিৎসকের ভুল চিকিৎসা অথবা মেয়াদোত্তীর্ণ ইনজেকশন দেওয়ায় তাঁর ছেলের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে চিকিৎসক সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ইনজেকশনের কারণে শিশুদের মৃত্যু হয়েছে কি না, তদন্তের পর জানা যাবে।

হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, মারা যাওয়া শিশুদের যে ইনজেকশন দেওয়া হয়, তার মেয়াদ ২০১৪ সাল পর্যন্ত ছিল। ইনজেকশনে কোনো জীবাণু অথবা ভাইরাস ছিল কি না, অথবা ভুল চিকিৎসায় তাদের মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত করা প্রয়োজন।

হাসপাতালের সহকারী পরিচালক নূর মোহামঞ্চদ জানান, ঘটনা তদন্তে শিশু বিভাগের সিনিয়র কনসালট্যান্ট হারুন অর রশিদ, জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) তাপস কান্তি ভৌমিক ও আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) রফিকুল ইসলাম মিঞাকে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।