নরসিংদীর মেঘনায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার শিশুসহ ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে সদর উপজেলার বগারগোত এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে চার শিশুই আপন ভাই-বোন। নিহত নারী ও শিশুরা হলেন সদর উপজেলার করিমপুর ইউনিয়ন বগারগোত এলাকার সাহাজ উদ্দিনের স্ত্রী নুরজাহান বেগম (৬০), রফু মিয়ার স্ত্রী ফালানি বেগম (৬০), কালিকাপুর এলাকার স্বপন মিয়ার মেয়ে ফারজানা আক্তার (৮), পাইকারচর এলাকার প্রবাসী ফারুক মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার (৮), উম্মে আনি (৪), ছেলে ফয়সাল মিয়া (৬) ও বায়েজিদ মিয়া (২)। বায়েজিদের লাশ বৃহস্পতিবার রাতে উদ্ধার হয়।
পুলিশ ও স্থানীয় অনেকে জানান, বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের পুরানচর এলাকা থেকে ৩০-৪০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা চরদিঘলদী যাচ্ছিল। সন্ধ্যার দিকে নৌকাটি করিমপুর ইউনিয়নের বগারগোত এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। সে সময় বেশির ভাগ যাত্রী সাঁতরে কূলে উঠতে পারলেও সাতজন নিখোঁজ ছিল। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) ডুবুরি দল রাতেই বায়েজিদ মিয়ার লাশ উদ্ধার করে। গতকাল সকালে ডুবুরিরা তল্লাশি চালিয়ে আরও ছয়জনের লাশ উদ্ধার করে।
নরসিংদী ফায়ার সার্ভিসের পরিদর্শক রুহুল আমিন মোল্লা জানান, খবর পেয়ে ঢাকা থেকেও ডুবুরি দল আসে। তবে বাতাস ও স্রোতের কারণে উদ্ধার কাজে অনেক বেগ পেতে হয়।
শোকে স্তব্ধ পরিবার: দুই মেয়ে সুমাইয়া আক্তার ও উম্মে আনি এবং দুই ছেলে ফয়সাল ও বায়েজিদকে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন পাইকারচর এলাকার প্রবাসী ফারুক মিয়ার স্ত্রী পারুল আক্তার। বৃহস্পতিবার বিকেলে সবাই ছোট বোন চম্পা আক্তারের বাড়ি চরদিঘলীতে যাওয়ার জন্য নৌকায় চড়েন পারুল। পথে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে হারান চার সন্তান।
সরেজমিনে দেখা যায়, একসঙ্গে চার ভাইবোনের মৃত্যুর খবর শুনে আশপাশের এলাকা থেকে নারী-পুরুষ ও আত্মীয়স্বজন ভিড় করেছে ফারুক মিয়ার বাড়িতে। তবে কারও মুখে কোনো শব্দ ছিল না। কারণ সান্ত্বনা দেওয়ার ভাষা যে ডে কারওরই ছিল না।
পারুল আক্তার বলেন, ‘নৌকার মধ্যে আমরা মহিলা মানুষ আছিলাম সবচেয়ে বেশি। যখন বাতাস শুরু হইছে তখন মাঝিরে কইছিলাম পাড়ে নিয়া রাখতে। কিন্তু মাঝি কথা হুনে নাই। কইছে কিছু অইব না। এহন আমার সোনা মানিকগোরে কেডা আইনা দিব। আমি হেগর বাপেরে কী জবাব দিমু।’ এ কথা বলেই চিৎকার করে অচেতন হয়ে পড়েন তিনি।
খবর পেয়ে রাতেই ছুটে আসেন পারুল আক্তারের বোন চম্পা বেগম। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাড়িতে আইতে গিয়াই আমার বইনে সব হারাইল।’