চার শ্রমিকনেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ
চার পরিবহন শ্রমিকনেতার মুক্তির দাবিতে গতকাল শনিবার ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের চৌরাস্তা মোড় এলাকা এক ঘণ্টা অবরোধ করে রাখা হয়। চারটি শ্রমিক সংগঠন এই কর্মসূচি পালন করে। এতে মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পলাশবাড়ী মোটর শ্রমিক ইউনিয়ন; জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন; জেলা ট্রাক-ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়ন ও গোবিন্দগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে বেলা ১১টার দিকে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন শুরু করে। পরে চৌরাস্তা মোড়ে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুস সোবহানের সভাপতিত্বে সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৫ সালে পলাশবাড়ীর প্লাবন হত্যার ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে পলাশবাড়ী মোটর শ্রমিক ইউনিয়নের নেতা সুরুজ হক, ইব্রাহিম খলিল, ফরিদুল হক ও মোশফেকুর রহমানকে আসামি করা হয়। বর্তমানে তাঁরা কারাগারে আছেন। ওই ঘটনার পুনঃ তদন্তসহ উল্লিখিত চার শ্রমিকনেতাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আগামী সাত দিনের মধ্যে তাঁদের মুক্তি দেওয়া না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।