চার সংস্থা একত্রে কাজ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতা নিরসন, অবৈধ দখল উচ্ছেদ এবং পয়োনিষ্কাশনে চারটি সরকারি সংস্থা একত্রে কাজ করবে। এর বাইরেও বেশ কিছু বিষয়ে একসঙ্গে কাজ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা ওয়াসা এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। গত সপ্তাহে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজধানীতে কাজ করে এমন ২৫টি সেবা সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে গত বছরের ২৪ আগস্ট ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রথম সমন্বয় সভা করে। ওই সভার সিদ্ধান্তের আলোকে ২ জানুয়ারি রাজউক, ঢাকা ওয়াসা এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সঙ্গে এই দ্বিতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হলো।

সভায় উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের ২৪ আগস্ট অনুষ্ঠিত প্রথম সমন্বয় সভায় আলোচ্যসূচি ছিল ২১টি। গত চার মাসে এর অনেক সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। কয়েকটি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। বেশ কিছু বিষয় বাস্তবায়নে আলোচনা চলছে।

এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিয়মিত সভা হওয়ায় বিভিন্ন সংস্থার কাজে সমন্বয় বেড়েছে। রাস্তা খোঁড়াখুঁড়ি, পার্ক হস্তান্তর, আবর্জনার ঘর তৈরির জায়গা হস্তান্তরসহ ৮-১০টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। তবে কিছু জটিল বিষয় আছে, যেগুলো চলমান প্রক্রিয়া। সেসব সিদ্ধান্ত বাস্তবায়নে অগ্রগতি হয়েছে।

ঢাকায় ৪৩টি খালের মধ্যে বেশির ভাগই ঢাকা ওয়াসা এবং ঢাকা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে। গত আগস্টে অনুষ্ঠিত সভায় বলা হয়েছিল, এসব খাল যথাযথভাবে নিষ্কাশন না করায় এবং খালগুলো অবৈধ দখলে চলে যাওয়ায় বৃষ্টির পানি নামতে পারে না। সভায় তিন মাসের মধ্যে খালগুলো অবৈধ দখলমুক্ত করে পরিষ্কার করতে নির্দেশ দেওয়া হয়েছিল।

সভাসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রথম সমন্বয় সভার এ সিদ্ধান্ত আংশিক বাস্তবায়িত হয়েছে। কিছু খাল পরিষ্কার করা হলেও অবৈধ দখলমুক্ত করা যায়নি। আগামী বর্ষা মৌসুমের আগেই এসব খাল অবৈধ দখলমুক্ত করতে ডিএনসিসি, ওয়াসা ও জেলা প্রশাসনের একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত হয়।

অন্য সংস্থার অধীনে থাকা গুলশান পার্ক, বনানী খেলার মাঠ ও মোহাম্মদপুর পার্ক ডিএনসিসির কাছে হস্তান্তর করার জন্য প্রথম সভায় নির্দেশ দেওয়া হয়। সভার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পার্কগুলো ডিএনসিসিকে হস্তান্তর করেছে বলে সভার সূত্রে জানা গেছে।

বিভিন্ন সংস্থার অধীনে থাকা আরও ১৭টি খেলার মাঠ, পার্ক, উদ্যান, লেকসহ উন্মুক্ত স্থান ডিএনসিসিকে হস্তান্তরের বিষয়ে দ্বিতীয় সমন্বয় সভায় আলোচনা হয়। ডিএনসিসির পক্ষ থেকে এসব পার্ক, খেলার মাঠ হস্তান্তরে এর আগে চিঠি দেওয়া হলেও সেগুলো হস্তান্তর হয়নি। এই ১৭টি পার্ক ও মাঠের অধিকাংশই উত্তরা এলাকায় অবস্থিত।

একেক সংস্থা একেক সময় ডিএনসিসির রাস্তা, ফুটপাত খোঁড়াখুঁড়ি করে, ফলে জনদুর্ভোগ বাড়ে। প্রথম সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়, কোনো সংস্থা কোনো প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনে রাস্তা খোঁড়ার সময়সূচি ছয় মাস আগে ডিএনসিসিকে জানাবে। সভার এই সিদ্ধান্ত বাস্তবায়নে খুব বেশি অগ্রগতি হয়নি। দ্বিতীয় সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়, আগামী অর্থবছরের শুরুতেই বিভিন্ন সংস্থা যেসব রাস্তা, ফুটপাত খোঁড়াখুঁড়ি করবে, সেটির সুনির্দিষ্ট তালিকা ডিএনসিসিতে পাঠাবে।

এ ছাড়া দ্বিতীয় সমন্বয় সভায় কারওয়ান বাজার এবং এর আশপাশের এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ, আবর্জনা ফেলার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণের জন্য জায়গা দেওয়া, ডিএনসিসির পয়োনিষ্কাশনের নালার ভেতর দিয়ে চলে যাওয়া ওয়াসার খাওয়ার পানির সংযোগ অপসারণ, ঢাকা ওয়াসার মোট ১৪টি হোল্ডিংয়ের কাছে ডিএনসিসির প্রায় ৮২ কোটি টাকা বকেয়া পৌর কর আদায়ের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।