চার সচিব ও রাজউক চেয়ারম্যানের প্রতি আদালত আবমাননার রুল
চারজন সচিব ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানের প্রতি আজ মঙ্গলবার আদালত আবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করার অভিযোগে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুর ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ রুল জারি করেন।
রুল জারি করা হয়েছে গৃহায়ণ ও গণপূর্তসচিব খন্দকার শওকত হোসেন, শ্রম ও কর্মসংস্থানসচিব মিকাইল শিপার, শিল্পসচিব মউন উদ্দিন আবদুল্লাহ, পরিবেশ ও বনসচিব শফিকুর রহমান পাটোয়ারি এবং রাজউকের চেয়ারম্যান নুরুল হুদার প্রতি।
কেন তাঁদের বিরুদ্ধে আদালত আবমাননার অভিযোগ আনা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। ২৭ মে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ও সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি ওই আবেদন করে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তানিম হোসেন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী আরাফত হোসেন খান।
তানিম হোসেন প্রথম আলো ডটকমকে জানান, ২০১০ সালের ১৩ অক্টোবর এক রিটের পরিপ্রেক্ষিতে আদালত পাঁচ দফা রায় দেন। রায় পাওয়ার এক বছরের মধ্যে জাতীয় বিল্ডিং কোড প্রয়োগ কর্তৃপক্ষ গঠন করতে বলা হয়। অথবা বিদ্যমান সংস্থাকে এর দায়িত্ব দিতে বলা হয়। সেই সঙ্গে তিন মাসের মধ্যে আদালত রাজউক বা অন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষকে দায়িত্ব প্রয়োগ করতে বলে। তা না করায় আজ আদালত অবমাননার এই রুল জারি করা হলো।