চার সচিব পদে বদল একজনের চুক্তি বাতিল
জনপ্রশাসনে সচিব পর্যায়ের চার কর্মকর্তাকে বদল করা হয়েছে। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকীকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আবু বকর সিদ্দিককে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং করপোরেশনের চেয়ারম্যান পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইউনুছুর রহমান নিয়োগ পেয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মঈন উদ্দিন আবদুল্লাহকে শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এই বদলি করা হয়। ডাক ও টেলিযোগাযোগ-সচিব সুশীল কান্তি বোস অবসরে যাওয়ার পর নতুন সচিবের এই নিয়োগ কার্যকর হবে। ১৯ সেপ্টেম্বর সুশীল কান্তি বোসের অবসরে যাওয়ার কথা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্য এক আদেশে চুক্তির ভিত্তিতে নিয়োজিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমানের চুক্তি গতকাল থেকে বাতিল করা হয়েছে। আর চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব হিসেবে কর্মরত নব বিক্রম ত্রিপুরাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় একই মন্ত্রণালয়ে পূর্ণ সচিব পদে দুই বছরের জন্য প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।