আদালতের নির্দেশনা অনুসারে অধস্তন আদালতের বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধিসংক্রান্ত জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করায় চার সচিবের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন আপিল বিভাগ। চার সচিব হলেন: মন্ত্রিপরিষদ, অর্থ, আইন ও জনপ্রশাসন সচিব। একই সঙ্গে ১৪ মার্চ তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে ১৪ মার্চ পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে।গত ২৪ জানুয়ারি আপিল বিভাগ সুপারিশ বাস্তবায়নে রাষ্ট্রপক্ষকে এক মাস সময় দিয়ে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন। ধার্য তারিখে রাষ্ট্রপক্ষ আবার সময়ের অবেদন জানালে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করা হয়। পরে গতকাল আদালত আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। মূল আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম।