কক্সবাজারের সেন্ট মার্টিনে পরিবেশগত ছাড়পত্র ছাড়া গড়ে ওঠা সব স্থাপনা ভেঙে ফেলার বিষয়ে আদালতের নির্দেশনা প্রতিপালন না হওয়ায় চার সচিবসহ ১১ জনের প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার এক আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার এ রুল দেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গত রোববার আবেদনটি করে। আদালতে বেলার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী ও সাঈদ আহমেদ কবীর।
যাঁদের প্রতি রুল দেওয়া হয়েছে তাঁরা হলেন পরিবেশসচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব, মৎস্য ও প্রাণিসম্পদসচিব, নৌপরিবহনসচিব, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের (চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়) পরিচালক ও সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষিত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন রক্ষায় ওখানে অবৈধভাবে গড়া সব হোটেল, মোটেল, রিসোর্ট ও অন্যান্য বাণিজ্যিক স্থাপনা অপসারণ বিষয়ে নির্দেশনা চেয়ে ২০০৯ সালে বেলা রিট আবেদন করে। শুনানি নিয়ে ২০১১ সালের ২৪ অক্টোবর হাইকোর্ট রায় দেন। রায়ে আদালত সেন্ট মার্টিনে পরিবেশগত ছাড়পত্র ছাড়া গড়ে ওঠা সব স্থাপনা চিহ্নিত করার পাশাপাশি তা ভেঙে ফেলতে এবং ভবিষ্যতে পরিবেশগত ছাড়পত্র ছাড়া যেন কোনো স্থাপনা গড়ে উঠতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এ ছাড়া কাঁকড়া, শামুক, ঝিনুক, কচ্ছপসহ অন্যান্য জলজ প্রাণী সংরক্ষণেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।