চার সচিবসহ ১২ কর্মকর্তাকে আদালত অবমাননার রুল
প্রতিবেশগতভাবে সংকটাপন্ন একটি এলাকায় আদালতের নির্দেশনা অনুসরণ না করে স্থাপনা নির্মাণের কাজ চলায় চার সচিবসহ ১২ জন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট স্থানটির অবস্থান কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা মৌজায়।
বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ আদালত অবমাননার অভিযোগে করা এক আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার এ রুল দেন।
রুলে ১২ কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়েছে যে আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে কার্যক্রম শুরু করা হবে না। এই কর্মকর্তারা হলেন পরিবেশ ও বনসচিব শফিকুর রহমান পাটোয়ারী, ভূমিসচিব মো. মোখলেছুর রহমান, গৃহায়ণ ও গণপূর্তসচিব মো. গোলাম রাব্বানী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনসচিব খুরশীদ আলম চৌধুরী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. মাকসুদুল হাসান খান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রাইসুল আলম মণ্ডল, কক্সবাজারের জেলা প্রশাসক রুহুল আমীন, পুলিশ সুপার আজাদ মিয়া, কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা সরকার আবদুল আওয়াল, কক্সবাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের (চট্টগ্রাম বিভাগ) পরিচালক মো. জাফর আলম। দুই সপ্তাহের মধ্যে তাঁদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
জানা যায়, ১৯৩৫ সালের ১১ জুন ঝিলংজা মৌজার ১২৪ একরের বেশি জায়গাকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়। ১৯৯৯ সালের ১৯ এপ্রিল জায়গাটিকে প্রতিবেশগতভাবে সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। পরবর্তী সময়ে এখানকার ৫১ একর জায়গা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়। তবে ওই আবাসন প্রকল্পের নামে আইনবহির্ভূতভাবে পাহাড় কাটা ও বনভূমি উজাড়ের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৬ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রিট আবেদন করে। চূড়ান্ত শুনানির পর ২০১১ সালের ৮ জুন হাইকোর্ট রায় দেন। আদালত সেখানকার পাহাড় বা পাহাড়ের কোনো অংশ কাটা, সংরক্ষিত বনে প্লট বরাদ্দ দেওয়া ও বন ধ্বংস করার বিরুদ্ধে নির্দেশ দেন। ওই প্রকল্পে কাউকে প্লট বরাদ্দ দেওয়া হলে তা বাতিল করতেও নির্দেশ দেওয়া হয়।
আদালতের নির্দেশনা অমান্য করা হচ্ছে—এ অভিযোগ তুলে ২ মার্চ আবেদনটি করে বেলা। গতকাল সেই আবেদনের ওপর শুনানি হয়। এর পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। তিনি পরে প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশনা অমান্য করে প্রতিবেশগতভাবে সংকটাপন্ন ওই এলাকায় ঘরবাড়িসহ স্থাপনা নির্মাণকাজ অব্যাহত রাখা হয়েছে বলে আদালত অবমাননার আবেদনটি করা হয়। আদালত চার সচিবসহ ১২ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছেন।