চার সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল, একজনের স্থগিত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম প্রমাণিত হওয়ায় চারজন সচিবের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। একই অভিযোগে অপরজনের সনদ স্থগিত করা হয়।
আজ সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে তাঁদের নেওয়া সুবিধা পুরোপুরি বাতিল হয়ে গেল।
যাঁদের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হয়েছে তাঁরা হলেন, স্বাস্থ্যসচিব নিয়াজউদ্দিন মিঞা, সদ্য ওএসডি হওয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাশেম তালুকদার। যাঁর সনদ স্থগিত হয়েছে তিনি হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান (বর্তমানে প্রতিমন্ত্রী মর্যাদা বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান)।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন প্রথম আলোকে জানান, প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ মন্ত্রণালয় এবার এই কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত বা বিভাগীয় ব্যবস্থা নেবে। রাষ্ট্রপতির আদেশে এ প্রজ্ঞাপনে সই করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপসচিব মো. সলিমুল্লাহ।
আরও জানতে পড়ুন