ভারতকে দেওয়া সন্ত্রাসীর তালিকায় গরমিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে অবস্থান করা ৪১ সন্ত্রাসীর যে তালিকা সে দেশের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) হাতে দিয়েছে বাংলাদেশ, তার মধ্যে চারজন দেশেই আছেন। একজন দুই বছর আগে র্যাবের ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন। আর অন্য একজনকে ভারত থেকে ফিরিয়ে আনার পর কারাগারে রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে জানিয়েছেন, ওই ৪১ জনের মধ্যে আরও তিনজন ভারতে অবস্থানকালে নিহত হয়েছেন। একজন ওই দেশের কারাগারে আছেন বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। বাকি ৩১ জন ভারতে মুক্ত অবস্থায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ আছে।
সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের মতে, ভারতকে যে তালিকা দেওয়া হয়েছে, তা এক অর্থে ভুল। তালিকা দেওয়ার আগে ভালো করে যাচাই-বাছাই করা উচিত ছিল। এ বিষয়ে জানতে চাইলে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, কিছু সন্ত্রাসী আসা-যাওয়ার মধ্যে থাকে। সে কারণে মনে হতে পারে, তাঁরা দেশেই অবস্থান করছেন। তবে কেউ নিহত হয়েছেন কি না, সে ধরনের নিশ্চিত কোনো তথ্য র্যাবের হাতে নেই। অসংগতি থাকলে তালিকা হালনাগাদ করা যাবে।
ভারতের বর্ধমান বিস্ফোরণের ঘটনা তদন্তে এনআইএর মহাপরিচালক সঞ্জীব কুমার সিংয়ের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল গত ১৭-১৯ নভেম্বর ঢাকা সফর করে। এ সময় দলটি পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করে। বৈঠকে র্যাবের পক্ষ থেকে ভারতে অবস্থান করা ৪১ সন্ত্রাসীর একটি তালিকা দেওয়া হয়।
তালিকা ধরে প্রথম আলোর পক্ষ থেকে অনুসন্ধান করে জানা যায়, ৪১ সন্ত্রাসীর একজন কুষ্টিয়ার শাহিন ২০১২ সালে ও আনোয়ার হোসেন ওরফে আনু তিন বছর আগে ভারতে নিহত হয়েছেন বলে সেখানকার পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে।
রাজবাড়ীর সন্ত্রাসী ছামাদ মোল্লাকে ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি রাজবাড়ী সদরের লক্ষ্মীকোল থেকে গ্রেপ্তার করেছিল র্যাব। সেদিনই তিনি র্যাবের ‘ক্রসফায়ারে’ মারা যান। ছামাদ মোল্লা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক নেতা ছিলেন।
রাজধানীর ভাষানটেকের সন্ত্রাসী ইব্রাহিম খলিল ভারতে থাকার সময় গ্রেপ্তার হয়েছিলেন। পরে তাঁকে পুশব্যাক করে ভারত। সিআইডির তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার আরেফ আবদুল্লাহ তাঁকে ফিরিয়ে আনেন। তিনি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর থেকে ইব্রাহিম কারাগারে আছেন।
বাংলাদেশের যে ৪১ জনের তালিকা দেওয়া হয়, সেখানে চট্টগ্রামের সাতজনের নাম রয়েছে। তাঁরা হলেন সরকার-সমর্থক মামুনুর রশিদ মামুন, সুনীল কান্তি দে, এইচ এম আবু তৈয়ব ও রাজীব দত্ত ওরফে রিংকু। বিএনপির সমর্থক হলেন মোরশেদ খান ও নুরুল আলম ওরফে ‘এতিম আলম’ এবং শিবিরের দুর্ধর্ষ ক্যাডার সাজ্জাদ খান।
চট্টগ্রামের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সাতজনের মধ্যে সাবেক ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ ও নগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাজীব দত্ত রিংকু এখন চট্টগ্রামে ব্যবসায়ী সেজে অবস্থান করছেন। ২০০১ সালের পর রাজনৈতিক কর্মসূচিতে এ দুজনকে দেখা যায়নি। তবে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আবু তৈয়ব নিজ এলাকা ফটিকছড়িতে দাপিয়ে বেড়াচ্ছেন। এই তিনজনই ২০০১ সালের আগে ভারতে আশ্রয় নিয়েছিলেন। আর র্যাব গঠনের পর ছাত্রলীগের সাবেক ক্যাডার সুনীল কান্তি দে কলকাতায় অবস্থান করছেন।
তৈয়বের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী দল গঠনের পাশাপাশি দরপত্র ও বালুমহাল নিয়ন্ত্রণ করারও অভিযোগ রয়েছে। তবে আবু তৈয়ব প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি স্বচ্ছ রাজনীতি করছেন। তাঁর বিরুদ্ধে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে। চার বছরে একটি মামলা কিংবা সাধারণ ডায়েরিও (জিডি) হয়নি। আগে ১২টি মামলা ছিল। সবগুলো থেকে খালাস পেয়েছেন তিনি।
ফটিকছড়ির একজন জনপ্রতিনিধি নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, এলাকার গাছ, বাঁশ, রাবারবাগান, বালুমহাল, জায়গা দখল-বেদখলের নিয়ন্ত্রক আবু তৈয়ব। আগের চেয়ে তিনি আরও বেশি বেপরোয়া। তাঁকে নিয়ন্ত্রণ করার কেউ নেই। তাঁর বিরুদ্ধে ১২টি মামলা ছিল। সবগুলো প্রত্যাহার করা হয়েছে। কোনো মামলায় তিনি খালাস পাননি।
র্যাবের আগের তালিকায় শীর্ষ ২০ সন্ত্রাসীর মধ্যে অষ্টম ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মামুনের বিরুদ্ধে ১৮ মামলা ছিল। এর মধ্যে কোতোয়ালি থানায় তিনটি, পাঁচলাইশ থানায় ১২, ডবলমুরিং থানায় দুটি এবং হাটহাজারীতে একটি মামলা ছিল। তাঁর বিরুদ্ধে এখন দুটি মামলা আছে বলে আদালত সূত্রে জানা গেছে। বাকি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন কিংবা রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, তালিকায় চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সদস্য এতিম আলম কলকাতায় অবস্থান করছেন। র্যাব গঠনের পর তিনি দেশ ছেড়ে কলকাতায় চলে যান। একইভাবে আরেক শীর্ষ সন্ত্রাসী মোরশেদ খানও ১০ বছর আগে আগরতলায় চলে যান। এরপর তাঁর অবস্থান সম্পর্কে দলীয় নেতা-কর্মীরা কিছুই বলতে পারছেন না।
জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমরা চট্টগ্রামের কোনো সন্ত্রাসীর তালিকা পাঠাইনি। অন্য কেউ পাঠিয়েছেন কি না, জানি না।’ একই ধরনের মন্তব্য করেছেন র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ।
তালিকায় এক নম্বরে থাকা মিরপুরের শাহাদতের ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৫ সালে প্রিন্স গ্রুপের মালিক কাজী মো. শহিদুল্লাহ খুনের পর ভারতে চলে যান শাহাদত। তবে প্রতি মাসে তাঁর থাকা-খাওয়ার জন্য টাকা পাঠানো হচ্ছে মিরপুর থেকে। মিরপুর থানা পুলিশের এক কর্মকর্তা জানান, শাহাদতের পর এখন তাঁর সহযোগী ফারুক আহমেদ ওরফে হেলাল, আলমগীর, রায়হান, রফিক, আশিক, রমজান, স্বপন, সেলিম, নাহিদ, ‘মুরগি হোসেন’, ‘ডিশ শাহীন, ‘গালকাটা বাবু’, ‘রইস সুমন’ এখন মিরপুর-কাফরুল এলাকায় সক্রিয়।
কুষ্টিয়ার আরেক সন্ত্রাসী কালু দমদম কারাগারে আছেন। তবে সন্ত্রাসী মুকুল ভারতে বসেই কুষ্টিয়ার ঠিকাদারি নিয়ন্ত্রণ করছেন। সেখানকার ক্ষমতাসীন দলের এক সাংসদ নেপথ্যে এই সন্ত্রাসীকে সহায়তা করেন বলে অভিযোগ আছে। তবে রাজবাড়ীর আরেক সন্ত্রাসী হালিম অনেক দিন ধরেই কলকাতায় অবস্থান করছেন বলে পুলিশের কাছে তথ্য আছে।
শীর্ষ সন্ত্রাসী ত্রিমাতি সুব্রত বাইন অনেক দিন ধরেই কলকাতা ও তার আশপাশের জেলাগুলোতে অবস্থান করছেন। সঙ্গে আছেন দ্বিতীয় স্ত্রী ও দুই বছরের কন্যা। ভারতের নদীয়া জেলায় জমিসহ বাগানবাড়ি কিনেছেন তিনি। ঢাকা ও কলকাতার কিছু ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায়ের কাজটিও করেন তিনি। কলকাতার ব্যবসায়ীদের টাকা কোথাও আটকে গেলে সুব্রত বাইনের লোকজন সে টাকা আদায় করে দেয়। তাঁর প্রধান সহযোগী মোল্লা মাসুদও নদীয়ায় বিয়ে করে বসবাস করছেন বলে জানা গেছে।
২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি কাশিমপুর-২ কারাগার থেকে মুক্তি পেয়ে পালিয়েছিলেন শীর্ষ সন্ত্রাসী বিকাশ কুমার বিশ্বাস। ওই সময় অভিযোগ ওঠে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের হস্তক্ষেপে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। বিকাশের আপন ভাই আরেক সন্ত্রাসী প্রকাশ কুমার বিশ্বাস অনেক দিন ধরেই ভারতে অবস্থান করছেন। তাঁদের মতো পুলিশের ঘোষিত সন্ত্রাসী নবী হোসেন নবী ও আশিক ভারতে বসেই চাঁদাবাজি করছেন।
তালিকার এক জঙ্গি দুই বছর আগে নিহত
চাঁপাইনবাবগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া ১১ জঙ্গির তালিকার মধ্যে রুহুল আমীন ওরফে সালমান ওরফে তালহা নামের এক জঙ্গি দুই বছর আগে চাঁপাইনবাবগঞ্জে নিহত হয়েছিলেন। আদালতে সেই মামলা এখনো বিচারাধীন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ২৬ এপ্রিল রাতে জেএমবি নেতা তালহাকে গলা কেটে হত্যা করা হয়। পরদিন সকালে নাচোলের একটি আমবাগান থেকে তাঁর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে নাচোল থানা পুলিশ। তাঁকে অজ্ঞাতনামা উল্লেখ করে নাচোল থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বাদী হয়ে হত্যা মামলা করেন।
চাঁপাইনবাবগঞ্জ কোর্ট পুলিশের নাচোল থানার মামলার দায়িত্বে নিয়োজিত জেনারেল রেজিস্ট্রেশন অফিসার (জিআরও) আবদুল লতিফ জানান, এ মামলার তিন আসামি পলাতক থাকায় বিচারকাজ মুলতবি আছে।