পাবনার ঈশ্বরদীতে গির্জার যাজক লুক সরকারকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার চার সন্দেহভাজন জেএমবি সদস্যের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই ঘটনায় গ্রেপ্তার সংগঠনটির কথিত আরেক সদস্য আগেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়নি।
গতকাল মঙ্গলবার পাবনার আমলি আদালত-২-এর বিচারক রেজাউল করিম পুলিশের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে চারজনের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। তাঁরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তাঁরা হলেন পাবনা সদর উপজেলার সিংগা পালপাড়া গ্রামের জিয়াউর রহমান (৩৫), নাজিরপুর নিয়ামতুল্লাহপুর গ্রামের আবদুল আলিম (৩৬), মজিদপুর মধ্যপাড়ার শরিফুল ইসলাম ওরফে তুলিব (২২) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঘবাড়িয়া গ্রামের আমজাদ হোসেন (৩০)।
আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর পুলিশ গত সোমবার এ চারজনসহ পাঁচ আসামির সবাইকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল। তখন পাবনা সদর উপজেলার রাকিবুল হাসান ওরফে রাব্বি (২২) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি যাজককে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। ফলে পুলিশ তাঁকে আর রিমান্ডে নেয়নি। বাকি চারজনকে গতকাল আবারও আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে ওই আদেশ দেন।
গ্রেপ্তার পাঁচজনকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য দাবি করে পুলিশ বলছে, আন্তর্জাতিকভাবে সরকারকে চাপে ফেলতে সংগঠনটির উচ্চপর্যায়ের নির্দেশে তাঁরা লুক সরকারকে হত্যার সিদ্ধান্ত নেন।
পুলিশ জানায়, এই আসামিদের ঢাকা, রাজশাহী ও পাবনা থেকে তিন দিনের অভিযানে গ্রেপ্তার করা হয়।
৫ অক্টোবর বাড়িতে ঢুকে লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা করে মোটরসাইকেলে আসা তিন যুবক। ওই ঘটনায় লুক সরকার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা করেন। এ পাঁচজনকে গ্রেপ্তারের আগে ঈশ্বরদী উপজেলা এলাকা থেকে ওবায়দুল ইসলাম (২৮) নামের আরেক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওবায়দুল এখন কারাগারে আছেন।
ওবায়দুলকে গ্রেপ্তার করলে লুক সরকার সাংবাদিকদের বলেছিলেন, ওই যুবক ঘটনার সময় ছিলেন না। গ্রেপ্তার পাঁচজনের ব্যাপারে গত সোমবার তিনি ও পরিবারের কেউ এ নিয়ে কথা বলতে রাজি হননি।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ বলেন, লুক সরকারকে গ্রেপ্তার পাঁচজনের ছবি দেখানো হয়েছে। তিনি রাকিবুলকে চিহ্নিত করলেও বাকিদের পারেননি। ওবায়দুলের ব্যাপারে ওসি বলেন, তিনিও ঘটনার নেপথ্যে আছেন। তাঁকেও রিমান্ডে নেওয়া হবে।
আরও পড়ুন: