চার সপ্তাহের জামিন পেলেন আফসান চৌধুরী
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা মামলায় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও কলামিস্ট আফসান চৌধুরী চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।
বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাঁর জামিন আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার এ আদেশ দেন।
আদালতে আফসান চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, হাইকোর্ট আফসান চৌধুরীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। এরপর তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। আগাম জামিনের আবেদনটি নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়।
ফেসবুকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে আফসান চৌধুরীর বিরুদ্ধে গত ৫ জুন গুলশান থানায় মামলাটি করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।