মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর আপিল মামলার সারসংক্ষেপ জমা দেওয়ার জন্য চার সপ্তাহ সময় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সারসংক্ষেপ জমা দেওয়ার জন্য আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। এ বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আসামিপক্ষের পাশাপাশি রাষ্ট্রপক্ষকেও আগামী চার সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে হবে।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমকে গত বছরের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মৃত্যুদণ্ডাদেশ দেন। একাত্তরে মুক্তিযোদ্ধা জসিমসহ ছয়জনকে নির্যাতন করে হত্যার দায়ে (১১ নম্বর অভিযোগ) এবং ডালিম হোটেল নির্যাতন ক্যাম্পে রঞ্জিত দাস ও টুন্টু সেনকে হত্যার দায়ে (১২ নম্বর অভিযোগ) মীর কাসেমকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। আরও আটটি অভিযোগে তাঁকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। ওই দণ্ডাদেশের বিরুদ্ধে গত বছরের ৩০ নভেম্বর আপিল করেন তিনি।