চার সমস্যা বিবেচনায় ভোট দেবে নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার প্রধান সমস্যার কথা বিবেচনা করে এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেবেন নগরবাসী। দীর্ঘদিন ধরে নানা আন্দোলন-সংগ্রামের পরও জলাবদ্ধতা, পানি-সংকট, যানজট ও ফুটপাত দখল—এই সমস্যাগুলোর সমাধান না হওয়ায় সিটি করপোরেশনের বর্তমান নেতৃত্বের ওপর দারুণ ক্ষুব্ধ নগরবাসী। নগরবাসী জানান, এই চার সমস্যা সমাধানে যে মেয়র পদপ্রার্থী আন্তরিকতার সঙ্গে প্রতিশ্রুতি দেবেন, তাঁকেই তাঁরা ভোট দেবেন।

নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই নগরে প্রচণ্ড জলাবদ্ধতা দেখা দেয়। চলতি গ্রীষ্ম মৌসুমের শুরুতে টানা কয়েক রাতের বৃষ্টিতে নগরে যথারীতি জলাবদ্ধতা দেখা দেয়। বিভিন্ন বাসাবাড়িতে পানি ওঠায় মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। নগরবাসীর আরও অভিযোগ, প্রায় প্রতিটি ওয়ার্ডে বিশেষত, দক্ষিণ সুরমায় তীব্র পানি-সংকট এবং ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের হাঁটাচলাসহ জীবনযাত্রায় অসহনীয় দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ ছাড়া অপ্রশস্ত রাস্তা, যত্রতত্র অটোরিকশা স্ট্যান্ড স্থাপন ও গাড়ি পার্কিংয়ের কারণে নিয়মিত যানজটে পড়তে হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, চারটি প্রধান সমস্যার পাশাপাশি নগরে অপ্রতুল পয়োনিষ্কাশনব্যবস্থা, মশার উৎপাত, পাড়া-মহল্লায় সড়কবাতির সংকট, সময়মতো ময়লা-আবর্জনা পরিষ্কার না করা, আইনশৃঙ্খলার অবনতি, স্কুল-কলেজের সামনে বখাটে ও মাদকসেবীদের উৎপাত নাগরিকদের অন্যতম সমস্যা।

যতরপুর এলাকার গৃহিণী নাইমা সুলতানা বলেন, ‘সামান্য বৃষ্টিতেই পাড়ায় পানি জমে যায়। ঘরের মধ্যে পানি চলে আসে। এতে খুবই দুর্ভোগ পোহাতে হয়। এর সমাধান যিনি করতে পারবেন বলে মনে হবে, আগামী নির্বাচনে তাঁকেই ভোট দেব।’

বাগবাড়ি এলাকার ব্যবসায়ী বিজয় সরকার বলেন, ‘এই নগরের বাসিন্দারা যথাযথভাবে নাগরিক সুবিধা পাচ্ছেন না। শুধু মুখের বুলি নয়, আমরা কার্যকর উন্নয়ন দেখতে চাই। এই কাঙ্ক্ষিত উন্নয়ন যিনি নগরবাসীকে উপহার দিতে পারবেন, তাঁকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চাই।’

শিবগঞ্জের আফতাব আহমদ বলেন, ‘প্রতিবারই ভোট আসে, প্রতিবারই প্রার্থীদের নানামুখী প্রতিশ্রুতি শুনি। কিন্তু এবার আর ঠকব না। বুঝে-শুনে ও ভালো-মন্দ যাচাই করে তবেই ভোট দেব।’

সম্ভাব্য দুই মেয়র প্রার্থীর প্রতিশ্রুতি: বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, ‘মেয়র (বর্তমান) দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি নির্বাচিত হলেও নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারেননি। তাই নগরবাসী পরিবর্তন চায়। এই পরিবর্তনের স্লোগান নিয়েই আমি প্রার্থী হতে চাই। অতীতে উন্নয়নের প্রশ্নে নগরবাসীর সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই।’ সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের বর্তমান মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, ‘নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমি যথাসাধ্য চেষ্টা করেছি। তাই বারবার মানুষের ভালোবাসা পেয়ে নির্বাচিত হয়েছি।’