চার সহকারী প্রক্টরের পদত্যাগপত্র প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার সহকারী প্রক্টর তাঁদের পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন৷ গতকাল সোমবার বেলা আড়াইটায় উপাচার্যের কাছে গিয়ে পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন৷
বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপাচার্যের অনুরোধে ওই সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন প্রক্টররা৷ তাঁরা উপাচার্যকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দিয়েছেন৷
গত ২৯ মে পরিবহনশ্রমিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ হয়৷ এ সময় শ্রমিকেরা ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের বেদম মারধর করে এবং বিশ্ববিদ্যালয়ের দুটি বাস ভাঙচুর করেন৷ এ হামলার প্রতিবাদে ওই দিনই সহকারী প্রক্টর তানভীর কায়সার, মো. শফিউল ইসলাম, দিল আফরোজ খানম ও মো. আবদুল কাইয়ুম পদত্যাগ করেন৷
সহকারী প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তানভীর কায়সার প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পরপর কিছু ঘটনা পরিস্থিতি অশান্ত করে তোলে, যা কোনোভাবেই কাম্য নয়৷ যে কারণে আমরা পদত্যাগ করেছিলাম সেই দাবি পূরণে উপাচার্য আশ্বাস দিয়েছেন৷ তিনি আমাদের ডেকে সভা করেছেন এবং পদত্যাগপত্র প্রত্যাহারের অনুরোধ করায় আমরা পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছি৷’