চার সাংবাদিকদের সঙ্গে ইউনূসের বৈঠক
গ্রামীণ ব্যাংক যাতে ভবিষ্যতে ঠিকমতো চলতে পারে, সে জন্য সাংবাদিকদের সহায়তা চেয়েছেন এর প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংককে নিজের ব্যাংক মনে করে নিজ নিজ অবস্থান থেকে প্রতিষ্ঠানটিকে সহায়তা দিতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।গতকাল শুক্রবার চারজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে এক বৈঠকে মুহাম্মদ ইউনূস এই আহ্বান জানান। গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সম্মেলনকক্ষে এই বৈঠকে প্রবীণ সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদের সঙ্গে ড. ইউনূস মতবিনিময় করেন। বৈঠকে গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নুর জাহান বেগমও উপস্থিত ছিলেন।ইকবাল সোবহান চৌধুরী প্রথম আলোকে জানান, মতবিনিময়কালে ড. ইউনূস গ্রামীণ ব্যাংক নিয়ে তাঁর উদ্বেগের কথা জানান এবং ব্যাংকটি যাতে ভবিষ্যতে ভালোভাবে চলে, সে ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন।ইকবাল সোবহান বলেন, ‘ড. ইউনূস আমার কাছে জানতে চান, তাঁর ব্যাপারে আমার কোনো পরামর্শ আছে কি না। আমি বলেছি, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে আদালত সিদ্ধান্ত দিয়েছেন। নোবেলজয়ী হিসেবে আপনার নিজের ভাবমূর্তি ও সম্মানকে বিবেচনা করা উচিত। গ্রামীণ ব্যাংক ও আপনাকে কেন্দ্র করে বাইরে থেকে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে। এটা দেশের জন্য ভালো নয়। ফলে সামগ্রিক বিষয় বিবেচনা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।’অবশ্য গ্রামীণ ব্যাংকের তথ্য ও গণমাধ্যম সমন্বয়কারী জান্নাত-ই-কাওনাইন প্রথম আলোকে বলেছেন, এমন কোনো বৈঠক হয়নি।ইকবাল সোবহান চৌধুরী জানান, তাঁকে গত বৃহস্পতিবার বিকেলে গ্রামীণ ব্যাংক থেকে নুর জাহান বেগম টেলিফোনে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে ড. ইউনূসের বৈঠকের কথা জানান এবং তাঁকেও বৈঠকে আমন্ত্রণ করা হয়।জানতে চাইলে গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নুর জাহান বেগম প্রথমে প্রথম আলোর কাছে দাবি করেন, এমন কোনো বৈঠক হয়নি। কিন্তু বৈঠকে উপস্থিত সাংবাদিকেরা বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন—এ কথা বলার পর নুর জাহান বেগম বলেন, ‘আমাদের অফিসে নানা কাজে লোকজন আসে। কে, কখন, কেন আসল এবং তাদের পরিচয় কী, তা আমার পক্ষে জানা সম্ভব নয়।’ তিনি দুপুরে দাপ্তরিক কাজে ড. ইউনূসের কাছে গিয়েছিলেন দাবি করে বলেন, ‘সেখানে কয়েকজন সাংবাদিককে দেখি। তাঁদের কাউকে চিনি না। তবে ইউনূস সাহেব আমাকে তাঁদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।’বৈঠক সম্পর্কে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, ‘ড. ইউনূসের আমন্ত্রণে মাহমুদুর রহমান ও আমি বেলা ১২টার দিকে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে যাই। সেখানে গিয়ে ইকবাল সোবহান চৌধুরীকে দেখি। সবাই আসার পর সাড়ে ১২টায় ড. ইউনূসের সঙ্গে আলাপ শুরু হয়।’