চার সাংসদের ছেড়ে দেওয়া মেয়র পদে নির্বাচনের জন্য চিঠি
চার সাংসদের ছেড়ে দেওয়া পৌর মেয়র পদে ৭ এপ্রিলের মধ্যে উপনির্বাচনের জন্য স্থানীয় প্রশাসনকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার কমিশন সচিবালয় থেকে এ চিঠি পাঠানো হয়।
চারটি পৌরসভা হলো ফেনী, নোয়াখালীর চৌমুহনী, ভোলার দৌলতখান ও চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর। ফেনীর চিঠি পাঠানো হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক এবং বাকি তিন পৌরসভার চিঠি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে।
এ চার পৌরসভার মেয়র দশম সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হওয়ার পরও দুটি পদই আগলে রেখেছিলেন। তাঁরা সংসদ অধিবেশনে যোগদানের পাশাপাশি পৌরসভায় অফিস করেছেন। এ বিষয়ে ১৫ ফেব্রুয়ারি প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় ১৩ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে চার মেয়রের পদ শূন্য ঘোষণা করে।
মেয়রের পদ আগলে রাখা এ চার সাংসদ হলেন নোয়াখালী-৩ আসনের মামুনুর রশীদ, ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোলাম মোস্তফা বিশ্বাস ও ভোলা-২ আসনের আলী আজম।
গত ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের পর ৮ জানুয়ারি সাংসদদের নাম গেজেটে প্রকাশিত হয়। ৯ জানুয়ারি সাংসদেরা শপথ নেন। সংবিধান অনুযায়ী, একই সঙ্গে সংসদ ও স্থানীয় প্রতিষ্ঠানের পদে থাকা যাবে না। পৌরসভা আইন অনুযায়ী, সাংসদ নির্বাচিত হলে মেয়র পদ শূন্য হয়ে যাবে। কিন্তু সাংসদেরা শপথ নেওয়ার এক মাস পরও স্থানীয় সরকার মন্ত্রণালয় এ চার পৌর মেয়রের পদ শূন্য ঘোষণা করেনি। ১৩ ফেব্রুয়ারি যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাতে কবে থেকে চার পৌরসভার মেয়রের পদ শূন্য হয়েছে, তা উল্লেখ করা হয়নি। কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, চার মেয়র বেআইনিভাবে এক মাসের মতো মেয়র পদ আগলে রেখেছিলেন। এর বৈধতা-সম্পর্কিত প্রশ্ন এড়ানোর জন্য মন্ত্রণালয় চার মেয়রের পদ কবে থেকে শূন্য হয়েছে, তা উল্লেখ করেনি।