দশম জাতীয় সংসদের চারজন সদস্য তাঁদের আগলে রাখা পৌর মেয়রের পদ থেকে গতকাল সোমবার পর্যন্ত পদত্যাগ করেননি। তবে গত রোববার ওই চার পৌর মেয়রের পদ শূন্য ঘোষণা করে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
ওই চারজনই পদ শূন্য ঘোষণাসংক্রান্ত চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও গতকাল পর্যন্ত প্যানেল মেয়রদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেননি। ওই চার পৌরসভার প্যানেল মেয়ররা জানিয়েছেন, তাঁরা পদ শূন্য হওয়ার বিষয়টি এখনো জানেন না। দায়িত্ব নিতে স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত কোনো চিঠিও পাননি।
পৌর মেয়রের পদে থেকে দশম সংসদ নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের এই চার সাংসদ হলেন নোয়াখালী-৩ আসনের মামুনুর রশীদ, ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোলাম মোস্তফা বিশ্বাস ও ভোলা-২ আসনের আলী আজম। তাঁরা যথাক্রমে চৌমুহনী, ফেনী, রোহনপুর ও দৌলতখান পৌরসভার মেয়র।
স্থানীয় সূত্র জানায়, সাংসদ নির্বাচিত হওয়ার পর প্রায় এক মাস এই চার মেয়র দাপ্তরিক কাজ করেছেন। উচ্চ আদালতের একটি রায়ের সুবাদে তাঁরা পৌর মেয়র পদে থেকেই সংসদ নির্বাচন করেন। এঁদের মধ্যে মামুনুর রশীদ ও নিজাম হাজারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
স্থানীয় সরকার বিভাগ থেকে রোববার ওই চার মেয়রসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, মামুনুর রশীদ, নিজাম উদ্দিন হাজারী, গোলাম মোস্তফা বিশ্বাস ও আলী আজম সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩৩-এর (১) (ঙ) উপধারা অনুযায়ী সরকার ওই চার পৌরসভার মেয়রের পদ শূন্য ঘোষণা করল।
পৌরসভা আইনের ১৯/২ ধারায় বলা আছে, কোনো ব্যক্তি অন্য কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি মেয়র পদে থাকার অযোগ্য হবেন। ওই আইনের ৩৩ ধারায় বলা আছে, কোনো মেয়র সংসদ সদস্য নির্বাচিত হলে মেয়রের পদ শূন্য ঘোষিত হবে।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায় গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা ইতিমধ্যে এই চার মেয়রের পদ শূন্য ঘোষণা করে তাঁদের চিঠি পাঠিয়েছি। ওই সব পৌরসভার প্যানেল মেয়ররাই এখন মেয়রের দায়িত্ব পালন করবেন। নির্বাচিত এই সাংসদেরা মেয়রের পদ থেকে পদত্যাগ করুন বা না করুন, চিঠি জারি হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের পদ শূন্য হয়ে গেছে। আইনে স্পষ্ট বলা আছে, যেসব পৌর মেয়র সাংসদ হয়েছেন, তাঁদের পদত্যাগ করতে হবে।’
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের নাম গেজেটে প্রকাশিত হয় ৮ জানুয়ারি। সাংসদেরা শপথ নেন ৯ জানুয়ারি। সংসদের প্রথম বৈঠক বসে ২৯ জানুয়ারি। অধিবেশন এখনো চলছে। অধিবেশন মুলতবির সময় এই চার সাংসদ এলাকায় গিয়ে পৌরসভায় দাপ্তরিক কাজও করেছেন। তাঁদের মধ্যে মামুনুর রশীদ ও নিজাম হাজারী পৌরসভার গাড়িও ব্যবহার করেছেন।
জানতে চাইলে গতকাল এই চার সাংসদই বলেন, তাঁদের মেয়র পদ শূন্য করা হয়েছে, কিন্তু তাঁরা পদত্যাগ করেননি। নিজাম উদ্দিন হাজারী বলেন, চিঠি পেয়েছেন, তবে তিনি মেয়র পদ থেকে পদত্যাগ করেননি। তাঁকে একজন সাংসদ ও একজন পৌর মেয়র বলেছিলেন, একসঙ্গে দুই দায়িত্বে থাকার বিষয়টি আইনে রয়েছে। সে জন্য তিনি এত দিন ওই দায়িত্ব ছাড়েননি।
আলী আজম জানান, ‘স্থানীয় সরকার বিভাগ থেকে বলা হয়েছিল, আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে আমাদের বিষয়টি পরিষ্কার করা হবে। সে জন্যই আমরা এত দিন পদত্যাগ করিনি।’
দৌলতখান পৌরসভার প্যানেল মেয়র মো. আলমগীর, চৌমুহনীর প্যানেল মেয়র সাহাবুদ্দিন বাদল, ফেনীর প্যানেল মেয়র মুসলেহ উদ্দিন হাজারী ও রোহনপুরের প্যানেল মেয়র জাহিদ হাসান গতকাল সন্ধ্যায় জানান, তাঁদের এখনো কোনো দায়িত্ব দেওয়া হয়নি। মেয়রের পদ শূন্য ঘোষণা করার বিষয়টিও তাঁরা জানেন না।