চার সাংসদের সদস্যপদের বৈধতার শুনানি জুনে
ক্ষমতাসীন মহাজোটের চারজন সাংসদের সদস্যপদের বৈধতাসংক্রান্ত মামলার শুনানি আগামী মাসে শুরু হচ্ছে। এই চার সাংসদ হলেন রুহুল আমিন হাওলাদার (বরিশাল-৬), শফিকুল আজম খান (ঝিনাইদহ-৩), কবিরুল হক (নড়াইল-১) ও নাসরিন জাহান (সংরক্ষিত নারী আসন ৪২)। নির্বাচন কমিশনের মতে, আইন অনুযায়ী চার সাংসদই নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ছিলেন। মামলায় পরাজিত হলে চারজনই সদস্যপদ হারাবেন। শফিকুল আজম, কবিরুল হক ও নাসরিন জাহানের বিরুদ্ধে অভিযোগ—তাঁরা রাষ্ট্রের লাভজনক পদে থেকে নির্বাচনে অংশ নিয়েছেন, যা বিধিবহির্ভূত। ওই সময় শফিকুল আজম ঝিনাইদহের মহেশপুর পৌরসভার, কবিরুল হক নড়াইলের কালিয়া পৌরসভার এবং নাসরিন জাহান বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার চেয়ারম্যান পদে বহাল ছিলেন। গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী রাষ্ট্রীয় লাভজনক পদে থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করা যায় না। রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ—তিনি হলফনামায় শিক্ষাগত যোগ্যতার বিষয়ে অসত্য তথ্য দিয়েছেন। হলফনামায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে এমএ পাস করেছেন বলে উল্লেখ করেছিলেন। কিন্তু এর অনুকূলে তিনি সনদ জমা দিতে পারেননি। নির্বাচনের আগে কমিশনের শুনানিতে তিনি অতিসত্বর সনদ জমা দেবেন বলে কথা দিয়েছিলেন। কিন্তু দেননি। কমিশন গত বছরের ৪ এপ্রিল রুহুল আমিনকে সনদ জমা দেওয়ার তাগিদ দিয়ে নোটিশ পাঠায়। নোটিশে আরও উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী হলফনামায় কেউ মিথ্যা তথ্য দিলে তিনি সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার বা থাকার অযোগ্য হবেন। এরপর রুহুল আমিন নির্বাচন কমিশনের চিঠিকে অবৈধ দাবি করে হাইকোর্টে রিট আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে কমিশন এ মামলায় পক্ষ হবে বলে সিদ্ধান্ত নেয়। সনদ জমা না দেওয়ার কারণে একই রকম চিঠি বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীকেও দেওয়া হয়েছিল। কিন্তু সালাউদ্দিন কাদের কমিশনের চিঠির কোনো উত্তর দেননি। পরবর্তী সময়ে কমিশনও বিষয়টির ব্যাপারে নিশ্চুপ হয়ে যায়।নবম সংসদ নির্বাচনে কমিশনের পক্ষ থেকে মেয়রের পদকে লাভজনক বলে আখ্যায়িত করা হয়। তখন এই বিধান অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার (ঢাকা-৬) মনোনয়নপত্র বাতিল করলে তিনি আদালতে রিট আবেদন করেন। আদালত তাৎক্ষণিক নির্দেশে তাঁর মনোনয়নপত্র বৈধ বলে গ্রহণ করার জন্য কমিশনকে নির্দেশ দেন। অভিযোগ একই রকম হওয়ায় তখন কবিরুল হক ও শফিকুল আজমের মনোনয়নপত্রও বৈধ বিবেচিত হয়। সংরক্ষিত আসনের নির্বাচনে নাসরিন জাহানের মনোনয়নপত্রও বৈধ বিবেচিত হয়। এরপর ২০০৯ সালের ২৪ মে হাইকোর্ট সাদেক হোসেনের মামলার রায় প্রদান করেন। রায়ে সিটি করপোরেশনের মেয়রের পদকে লাভজনক আখ্যায়িত করে সাদেক হোসেনের মনোনয়নপত্রকে অবৈধ ঘোষণা করা হয়। এ রায়ের পর কমিশন শফিকুল আজম, কবিরুল হক ও নাসরিন জাহানকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। এতে বলা হয়েছে, প্রার্থী হিসেবে তাঁরা নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ছিলেন। এ অবস্থায় তাঁদের সংসদ সদস্য পদ কেন অবৈধ হবে না? কমিশনের এই চিঠিকে অবৈধ দাবি করে তিন সাংসদই হাইকোর্টে রিট আবেদন করেন। কমিশন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সাংসদ শফিকুল আজম খান ও কবিরুল হকের বিপক্ষে কমিশনের হয়ে মামলা পরিচালনা করছেন বিশিষ্ট আইনজীবী শাহ্দীন মালিক। জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও তাঁর স্ত্রী সংরক্ষিত নারী আসনের সদস্য নাসরিন জাহানের বিপক্ষে মামলা পরিচালনা করছেন সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম। এর মধ্যে আওয়ামী লীগের দুই সাংসদকে নিয়ে মামলার শুনানি ২ জুন শুরু হচ্ছে। রুহুল আমিন ও নাসরিন জাহানের মামলার শুনানি আগামী মাসেই শুরু হতে পারে। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের আইনজীবী শাহ্দীন মালিক প্রথম আলোকে বলেন, ২ জুন আওয়ামী লীগের দুই সাংসদের মামলার শুনানি শুরু হলে ১০ জুনের মধ্যে তা নিষ্পত্তি হয়ে যেতে পারে।