রেলে নিয়োগে সহকারী কেমিস্ট পদে দুর্নীতির মামলায় চার সাক্ষীকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের আদালতে এ জেরা করা হয়। পরে আদালত কাল বুধবার শুনানির দিন ধার্য করেছেন।
জেরাকালে আসামির কাঠগড়ায় ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) জি এম ইউসুফ আলী মৃধা, পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা (বর্তমানে বরখাস্ত) গোলাম কিবরিয়া ও অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমানসহ ছয় আসামি। মামলায় ২৫ সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্য নেওয়া হয়। মৃধাসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে রেলে নিয়োগের দুর্নীতির ১৪টি মামলা রয়েছে।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, রেলে নিয়োগে সহকারী কেমিস্ট পদে দুর্নীতির মামলায় চার সাক্ষীকে জেরা করেছেন আসামি গোলাম কিবরিয়ার আইনজীবী। তাঁরা হলেন রেলের কর্মকর্তা অসীম তালুকদার, আলাউদ্দিন, ফরিদ আহমেদ ও মোহাম্মদ আবদুল্লাহ।
জেরাকালে সাক্ষীরা জানান, নিয়োগ পরীক্ষায় দুর্নীতিসংক্রান্ত বিভিন্ন কাগজপত্র জব্দ করে দুদক। তারা রেলের কর্মকর্তা হিসেবে ওই জব্দ তালিকায় সাক্ষী হিসেবে ছিলেন।
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী কেমিস্ট পদের নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে নগরের কোতোয়ািল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট মৃধাসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মৃধাসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।