জামায়াতে ইস-লামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জা-মানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের চারজন সাক্ষীর সাক্ষ্য ‘ক্যামেরা ট্রায়ালের’ মাধ্যমে গ্রহণের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল মঙ্গলবার এই অনুমতি দেন।আগামীকাল বৃহস্পতিবার এই চারজনের সাক্ষ্য গ্রহণ শুরু হবে।গতকাল কার্যক্রমের শুরুতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম এই মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আটজন সাক্ষীর নামের তালিকা ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। তিনি তাঁদের সাক্ষী তালিকায় অন্তর্ভুক্তির আবেদন জানান। এর বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবী এহসান এ সিদ্দিক। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল ওই তালিকা গ্রহণ করেন। কামারুজ্জামান এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।পরে এ কে এম সাইফুল ইসলাম পৃথক আবেদনে এই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন। আবেদনে তিনি বলেন, এই সাক্ষীদের সামাজিক মর্যাদা ও নিরাপত্তার স্বার্থে তাঁদের পরিচয় গোপন রাখার জন্য ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য নেওয়া হোক। পরে ট্রাইব্যুনাল আট-জনের মধ্যে চারজনের সাক্ষ্য ক্যামেরা ট্রায়ালে নেওয়ার অনুমতি দেন। ট্রাইব্যুনাল বলেন, ক্যামেরা ট্রায়ালে কেবল রাষ্ট্রপক্ষের তিনজন ও আসামিপক্ষের তিনজন আইনজীবী এবং আসামি থাকবেন। কোনো সাংবাদিক বা দর্শনার্থী থাকবেন না। সাক্ষীদের বিষয়ে গণমাধ্যমে কিছু প্রকাশ করা যাবে না। পরে এই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।এর আগে একই ট্রাইব্যুনাল জামায়াতের আরেকজন সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের একজন সাক্ষীর সাক্ষ্য ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে গ্রহণের অনুমতি দিয়েছিলেন।আলীমের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীকে জেরা অব্যাহত: একই ট্রাইব্যুনালে গতকাল বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী নুরুল ইসলামকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।