চার সিটি করপোরেশনে ভোট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে আজ শনিবার ভোট চলছে। সকাল আটটা থেকে ভোট নেওয়া শুরু হয়। বিরতিহীনভাবে তা বিকেল চারটা পর্যন্ত চলবে।
চার সিটিতে ১২ লাখের বেশি ভোটার তাঁদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন। ভোট নেওয়া উপলক্ষে আজ চার সিটির নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে।
নির্বাচন উপলক্ষে কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের গতকালের ও আজকের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। কমিশন সচিবালয় জানায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনার আজ কমিশনে বসেই নির্বাচন পর্যবেক্ষণ করবেন। দাপ্তরিকভাবে কমিশনার আবদুল মোবারক খুলনা, আবু হাফিজ রাজশাহী, জাবেদ আলী বরিশাল ও মোহাম্মদ শাহনেওয়াজ সিলেট সিটির নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
কমিশনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে সচিব মোহাম্মদ সাদিক গতকাল সাংবাদিকদের বলেন, আশা করা যায়, ভোটাররা উত্সবমুখর পরিবেশে ভোট দেবেন। শেষ মুহূর্তে প্রার্থী-সমর্থকদের পাল্টাপাল্টি অভিযোগ সম্পর্কে সচিব বলেন, এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। সরাসরি কমিশনে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়াটা সময়সাপেক্ষ হয়ে যায়।
চার সিটি মিলিয়ে ৬৫২টি ভোটকেন্দ্রের মধ্যে ৪২২টিই ঝুঁকিপূর্ণ। এ প্রসঙ্গে কমিশনের সচিব মোহাম্মদ সাদিক বলেন, বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি এসব কেন্দ্রে সীমিত আকারে ওয়েবক্যাম বসানো হয়েছে।
কমিশন সচিবালয় জানিয়েছে, চার সিটিতে ভোট গ্রহণের জন্য এবার ১২ হাজার ৮০ জন ভোট গ্রহণ কর্মকর্তাকে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৬৫৩ জন প্রিসাইডিং অফিসার, তিন হাজার ৮০৯ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও সাত হাজার ৬১৮ জন পোলিং অফিসার।
ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আনসার-ভিডিপির সদস্য মোতায়েন রয়েছেন। প্রতিটি সাধারণ কেন্দ্রে ২২ জন ও গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রে ২৪ জন সদস্য দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চার সিটিতে ভ্রাম্যমাণ (মোবাইল) ও স্ট্রাইকিং (অপেক্ষমাণ) ফোর্স হিসেবে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র্যাব, কোস্টগার্ড, ব্যাটালিয়ন আনসার ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে চার সিটিতে ১১৮টি ভ্রাম্যমাণ ও ৪০টি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছে।
এ ছাড়া চার সিটিতে ২১ প্লাটুন বিজিবি এবং আলাদাভাবে খুলনা ও বরিশালে পাঁচ প্লাটুন কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। আজ ভোট গ্রহণ শেষ হওয়ার পরও আরও দুই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী এলাকায় অবস্থান করবে।
নির্বাচনী অপরাধের তাত্ক্ষণিক বিচারের জন্য ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে মোট ৯১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। প্রতিটি সিটিতে পাঁচজন করে বিচারিক হাকিম নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণে দেশি-বিদেশি পর্যবেক্ষকের পাশাপাশি কমিশনের নিজস্ব পর্যবেক্ষকও মাঠে থাকবে বলে কমিশন সচিবালয় জানিয়েছে।
বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোট শুরু থেকে বর্তমান নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ করে আসছিল। এ কারণে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই নির্বাচন বর্তমান কমিশনের জন্য আস্থা অর্জনের পরীক্ষা।

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনে ৩০টি ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা দুই লাখ ৮৬ হাজার ৯১৭। এর মধ্যে পুরুষ এক লাখ ৪৩ হাজার ৩৯৫ ও নারী এক লাখ ৪৩ হাজার ৫২২ জন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ-সমর্থিত এ এইচ এম খায়রুজ্জামান তালা, বিএনপি-সমর্থিত মো. মোসাদ্দেক হোসেন আনারস ও মো. হাবিবুর রহমান চশমা প্রতীক নিয়ে। সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর সংখ্যা ৬৬ জন ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর সংখ্যা ১৫৫।

খুলনা: খুলনা সিটির ৩১টি ওয়ার্ডে মোট ভোটার চার লাখ ৪০ হাজার ৫৬৬ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২৪ হাজার ৫০৪ ও নারী দুই লাখ ১৬ হাজার ৬২ জন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ-সমর্থিত তালুকদার আবদুল খালেক তালা, বিএনপি-সমর্থিত মো. মনিরুজ্জামান আনারস ও দোয়াত-কলম প্রতীক নিয়ে মো. শফিকুল ইসলাম। ১০টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর সংখ্যা ৪৫ ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর সংখ্যা ১৩৭।

বরিশাল: এই সিটির ৩০টি ওয়ার্ডে মোট ভোটার দুই লাখ ১১ হাজার ২৫৭ জন। এর মধ্যে পুরুষ এক লাখ সাত হাজার ৬২৫ জন ও নারী এক লাখ তিন হাজার ৬৩২ জন। আওয়ামী লীগ-সমর্থিত শওকত হোসেন টেলিভিশন ও বিএনপি-সমর্থিত আহসান হাবিব আনারস প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দোয়াত-কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহমুদুল হক খান। সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর সংখ্যা ৪৫ ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীর সংখ্যা ১১৬।

সিলেট: এই সিটির ২৭টি ওয়ার্ডের ভোটার সংখ্যা দুই লাখ ৯১ হাজার ৪৬। এর মধ্যে পুরুষ এক লাখ ৫৭ হাজার ১৮১ এবং নারী এক লাখ ৩৩ হাজার ৮৬৫ জন। মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত বদরউদ্দিন আহমদ কামরান আনারস ও ১৮ দল-সমর্থিত আরিফুল হক চৌধুরী টেলিভিশন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তালা প্রতীক নিয়ে লড়ছেন ছালাহ উদ্দিন। সংরক্ষিত নয়টি ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ৩৫ ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ১৩৯ জন।