চার সিটি করপোরেশনে ১৮-দলীয় জোটের একক প্রার্থী

রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে অবশেষে একক প্রার্থী দিতে সমর্থ হয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। প্রতিটি সিটি করপোরেশনে মেয়র পদে লড়বেন জোটের প্রধান শরিক বিএনপির প্রার্থীরা। আগামী ১৫ জুন এই চার সিটি করপোরেশনে ভোট গ্রহণ হবে।বিএনপির কেন্দ্র থেকে সমর্থন দেওয়া প্রার্থীদের মেনে নিয়েই চার সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ১৮-দলীয় জোটের প্রার্থী হিসেবে রাজশাহী সিটি করপোরেশনে লড়বেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন, খুলনায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, বরিশালে জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব (কামাল) ও সিলেটে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।
রাজশাহী ও সিলেটে জামায়াতের দুজন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। গতকাল তাঁরা প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে আর কোনো সিটি করপোরেশনে জামায়াতের মেয়রপ্রার্থী থাকছে না। চার সিটিতে বিএনপি নেতারা একক প্রার্থী দিতে পারাকে সাফল্য হিসেবে দেখছেন। তাঁরা মনে করছেন, সংকটকালে দল ও জোট যে ঐক্যবদ্ধ, জোটে কোনো বিভেদ নেই—এর মাধ্যমে জনগণের কাছে স্পষ্ট প্রমাণিত হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ১৮ দল-সমর্থিত মেয়রপ্রার্থীদের জয় নিশ্চিত। এই নির্বাচনে সরকার-দলীয়দের ভরাডুবি হবে। তাদের দল নির্বাচনে সরাসরি অংশ নিচ্ছে না। তবে দলের নেতারা সমস্যা সমাধানের চেষ্টা করছেন।
রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে মেয়র পদে জোটের শরিক বিএনপি ও জামায়াতে ইসলামীর মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসে দেখা গেছে, কেন্দ্র-সমর্থিত চার প্রার্থী বাদে অন্যরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।