চার সিটি করপোরেশনের মেয়রের শপথ রোববার
রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়ররা আগামী রোববার শপথ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন সকাল সাড়ে নয়টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তাঁদের শপথ পড়াবেন। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ কথা জানান। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, শপথ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিলিসহ অতিথিদের দাওয়াতের জন্য আজ শুক্র ও কাল শনিবার স্থানীয় সরকার বিভাগের অফিস খোলা থাকবে। জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী এ-সংক্রান্ত নথিপত্রে অনুমোদন দেন। এ-সংক্রান্ত নথি অনুমোদনের জন্য গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। ‘নতুন মেয়রদের শপথ কবে’ শিরোনামে বুধবার প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। গত ১৫ জুন এই চার সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। চারটিতেই মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হন। এর গেজেট প্রকাশ করা হয় ২৪ জুন। আইনে গেজেট প্রকাশের এক মাসের মধ্যে শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। তাই ২৩ জুলাইয়ের মধ্যে তাঁদের শপথ নিতে হবে। তবে শপথ নিলেও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৬ ধারা মোতাবেক করপোরেশন গঠিত হওয়ার পর প্রথম বৈঠকের পরবর্তী পাঁচ বছর পর্যন্ত মেয়াদ নির্ধারিত থাকায় চার মেয়রকেই ক্ষমতা পেতে প্রায় তিন মাস অপেক্ষা করতে হবে। আইন অনুযায়ী, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ উত্তীর্ণ হবে আগামী ১৭ সেপ্টেম্বর। খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে যথাক্রমে ২৪ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর।