চার সেতু যেন মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দাসপট্টি এলাকার সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দাসপট্টি এলাকার সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

সেতুর ঢালাই উঠে জালির মতো বেরিয়ে পড়েছে রড। মাঝখান দিয়ে কোনোমতে একজন মানুষ হেঁটে পারাপার হতে পারবেন। একটু এদিক-সেদিক হলেই পা হড়কে পড়ে যাবেন রডের ফাঁদে।

এ অবস্থা বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দাসপট্টি সেতুটির। একই ইউনিয়নের বরইতলা সেতুটির কংক্রিটের পাটাতন ভেঙে তৈরি হয়েছে বিরাট গর্ত। এর মাঝখান দিয়ে পড়ে গেলে সোজা পানিতে। তালতার মাঠ এলাকার সেতুটিতেও তৈরি হয়েছে গর্ত। তা কাঠের পাটাতন দিয়ে ঢেকে রাখা হয়েছে। রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামেরসেতুটিরও পাটাতন ভেঙে গর্ত হয়েছে।

এলাকার লোকজন বলেন, প্রায় ২০ বছর আগে নির্মাণের পর থেকে সেতুগুলো একবারও সংস্কার করা হয়নি। এ কারণে সেতু চারটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। তাঁরা দ্রুত সেতু চারটি সংস্কারের দাবি জানিয়েছেন।

বরিশাল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা গেছে, ১৯৯৭-১৯৯৮ অর্থবছরে রথখোলা-ভদ্রপাড়া সড়কের বরইতলা নামক স্থানে সাড়ে আট লাখ টাকা ব্যয়ে ৬০ ফুট দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। ১৯৯৮-১৯৯৯ অর্থবছরে সাড়ে পাঁচ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় তালতার মাঠ এলাকার সেতুটি। একই অর্থবছরে একই প্রকল্পের অধীনে দাসেরহাট-মাহিলাড়া সড়কের দাসপট্টি নতুন হাট এলাকায় সাড়ে সাত লাখ টাকা ব্যয়ে ৫০ ফুট দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়। ১৯৯৭ সালে রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের উত্তর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন স্থানে আরেকটি সেতু নির্মাণ করা হয়।

এলাকার লোকজন বলেন, বরইতলা এলাকার সেতুটি দিয়ে প্রতিদিন গৈলা, নাঘার, মোল্লাপাড়া, ভদ্রপাড়া গ্রামের ২০ হাজার মানুষ উপজেলা সদরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে থাকেন। কিন্তু পাটাতন ভেঙে যাওয়ায় তিন বছর ধরে সেতুটির ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের তালতার মাঠ এলাকার সেতু। গতকাল তোলা ছবি l প্রথম আলো
আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের তালতার মাঠ এলাকার সেতু। গতকাল তোলা ছবি l প্রথম আলো

স্থানীয় করম সরদার, রাবেয়া বেগম ও আরিফ হোসেন বলেন, সেতুটির অবস্থা এত খারাপ যে হেঁটে চলাচল করতে গিয়ে শিশু, বৃদ্ধসহ অনেকেই ভাঙা স্থানে পড়ে পা ভেঙে আহত হয়েছেন।

তালতার মাঠ গ্রামের অতুল চন্দ্র সমাদ্দার, কৃষ্ণ কান্ত হালদার, শিখা রানী হালদার, শান্তি রঞ্জন হালদারসহ কয়েকজন বলেন, এখানকার সেতুটি দিয়ে প্রায় ১৫ হাজার মানুষ উপজেলা সদরসহ বিভিন্ন সড়কে যাতায়াত করে থাকেন। এ ছাড়া সড়কটি দিয়ে ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। পাঁচ-ছয় বছর ধরে এখানকার সেতুটি ভেঙে আছে। সেতুটি পার হতে গিয়ে বিভিন্ন সময়ে ১২-১৪ জন শিশু আহত হয়েছে।

গৈলা ইউনিয়নের ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য শোভা রানী সরকার বলেন, সেতুটি সংস্কার করার জন্য বারবার উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও তিনি পদক্ষেপ নিচ্ছেন না।

দাসপট্টি এলাকার কয়েকজন বলেন, দাসেরহাট-মাহিলাড়া সড়কের এই সেতু দিয়ে এখন জীবনের ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছে। তাঁরা জরুরি ভিত্তিতে সেতুটি সংস্কারের দাবি জানান।

গৈলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ বলেন, তাঁর ইউনিয়নের ওই তিন সেতু সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে মানুষের দুর্ভোগের কথা তিনি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের দ্বিজেন্দ্র নাথ, অরুণ মণ্ডল, শেফালি রানীসহ কয়েকজন বলেন, প্রতিদিন কয়েক শ শিক্ষার্থীসহ হাজারো মানুষ সেতুটি দিয়ে যাতায়াত করে থাকেন। পাঁচ-ছয় বছর ধরে সেতুটির এই অবস্থা। এটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেই।

এসব বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী রাজকুমার গাইন বলেন, সেতুগুলো সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের বরাদ্দ সাপেক্ষে সেতুগুলো সংস্কার ও পুনর্নির্মাণ করা হবে।