চার স্থানে গর্ত জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের কলাতিয়া-সিরাজনগর সড়কের অন্তত চারটি জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়।
গত বৃহস্পতিবার দুপুরে দেখা গেছে, প্রায় চার কিলোমিটার দীর্ঘ এ সড়কের কলাতিয়া চৌরন্দী এলাকায় ইষ্টিকুটুম কমিউনিটি সেন্টারের সামনে একটি বড় গর্ত এবং নূরপুর এলাকায় শিহাব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে একটি বড় গর্ত। এ ছাড়া বাবা–মা আসবাবপত্রের দোকানের সামনে আরও একটি বড় গর্ত রয়েছে। এতে বৃষ্টির পানি জমে থাকছে। এসব অংশে যানবাহন চলাচল করছে ধীরগতিতে।
চৌরন্দী গ্রামের বাসিন্দা মো. রিপন প্রথম আলোকে বলেন, রাস্তাটি মেরামত করা হয়েছে এক বছরও হয়নি। অথচ ছয় মাসের মধ্যে এ সড়কের পিচ উঠে গেছে।
নুরপুর গ্রামের বাসিন্দা মো. সুমন বলেন, প্রায় তিন কিলোমিটার সড়কের এক কিলোমিটারে পিচ উঠে গেছে। সিএনজিচালিত অটোরিকশার চালক আলম হোসেন বলেন, গর্ত থাকার কারণে এ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
মিরপুর এলাকার ট্রাকচালক আমির হোসেন বলেন, গর্তের অংশ পার হয়ে যাওয়ার সময় প্রায়ই যন্ত্রাংশ নষ্ট হয়। সড়কটি শিগগির মেরামত করা দরকার। উপজেলা প্রকৌশলী শাহজাহান আলী বলেন, সড়কটি মেরামতে ব্যবস্থা নেওয়া হবে।