চার স্থানে চারজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে এক গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। জমি নিয়ে বিরোধের জেরে দিনাজপুরে এক বৃদ্ধকে জবাই করে হত্যা করা হয়েছে। গাইবান্ধায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা খুন হয়েছেন। এদিকে প্রতিবেশীদের ঝগড়া থামাতে গিয়ে লালমনিরহাটে এক দিনমজুর খুন হয়েছেন।আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নীলফামারী: সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দোগাছি গ্রামে গত সোমবার রাতে বাবলী বেগম (২০) নামের এক গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যার পর গলায় দড়ি বেঁধে আত্মহত্যার প্রচারণা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাবলীর বাবা বাবুল হোসেন অভিযোগ করে বলেন, ‘স্বামীর পরিবারের লোকজন আমার মেয়েকে হত্যা করে দড়িতে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার চালিয়েছে। আমি এ হত্যার বিচার চাই।’ স্থানীয় লোকজন জানান, টুপামারী ইউনিয়নের নদীপাড়া গ্রামের রিকশাচালক বাবুল হোসেনের মেয়ে বাবলীর সঙ্গে দোগাছি গ্রামের কাঠমিস্ত্রি আবদুল লতিফের (২৫) এক বছর আগে বিয়ে হয়। মাদকাসক্ত লতিফ প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। প্রতিবেশী যাদু মিয়া বলেন, লতিফের দুই বোন, মা ও এক ভগ্নিপতি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। সদর থানার উপপরিদর্শক (এসআই) এরশাদুল আলম বলেন, লতিফকে আটক করা হয়েছে। দিনাজপুর: পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কুতুবপুর হাজীপাড়া গ্রামে ৩০ একর জমি নিয়ে শমসের আলী মণ্ডলের (৭৫) সঙ্গে মো. আলী মণ্ডল ও তাঁর ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শমসের জমির প্রকৃত মালিক হলেও ৩০ বছর ধরে মো. আলী ও তাঁর ভাইয়েরা ওই জমি দখল করে রেখেছিলেন। শমসের এ বছর প্রায় সাত একর জমি দখলে নিয়ে আমন ধান রোপণ করেন। বাকি জমিতে হাল চাষের উদ্যোগ নেন। এই নিয়ে মো. আলী মণ্ডল, খয়রুল ইসলাম, মিজানুর রহমানসহ কমপক্ষে ৫০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে গত সোমবার দুপুর ১২টার দিকে শমসেরের বাড়িতে গিয়ে তাঁকে গলা কেটে হত্যা করেন। এ সময় তাঁদের বাধা দিতে গেলে মকবুল মোল্লা (৫৫), মোতালেব মোল্লা (৪৫) ও এরশাদ আলী (৪৮) গুরুতর আহত হন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, পুলিশ ১৯ জনকে আটক করেছে। এ ঘটনায় শমসেরের ছেলে দেলোয়ার হোসেন ৪৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন।গাইবান্ধা: গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে আবদুল হালিম (২৭) নামের এক তরুণ মদ পান করে গত সোমবার রাতে বাড়িতে এলে মা হালিমা বেগম তাঁকে শাসান। এতে ক্ষিপ্ত হয়ে হালিম তাঁর মাকে ছুরিকাঘাত করেন। হালিমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হালিম পালিয়ে যান। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ দেলোয়ার হোসেন জানান, গতকাল মঙ্গলবার বিকেলে নিহতের স্বামী আবদুল কাফি হালিমকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।পাটগ্রাম (লালমনিরহাট): পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের সীমান্তবর্তী দোলাপাড়া গ্রামে প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে এক দিনমজুর নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৫৫)। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। পাটগ্রাম থানার পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী তহমিনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।