মাদারীপুর, নীলফামারীর ডোমার, কুমিল্লার লাকসাম ও সিরাজগঞ্জের রায়গঞ্জে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ ছয়জন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:মাদারীপুর ও কালকিনি: কালকিনি পৌর এলাকার মজিদবাড়ী ভূরঘাটা গ্রামের মানিক সরদারের ছেলে আলামিন (১৩) গতকাল শনিবার সকাল নয়টার দিকে স্কুলে যাওয়ার পথে হাসপাতালের পাশে একটি বাসের চাপায় গুরুতর আহত হয়। তাকে চিকিৎসার জন্য মাদারীপুর নেওয়ার পথে সে মারা যায়।নিহত আলামিন কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। দুর্ঘটনার পর ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করে। তারা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখে এবং তিনটি বাস ভাঙচুর করে। শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য মাদারীপুর থেকে সমিতির হাট এবং মোল্লাহাটে গাড়ি চলাচল বন্ধ করে দেয়।সকাল নয়টার দিকে মাদারীপুর-শ্রীনদী সড়কের সদর উপজেলার মিঠাপুরে একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে আবদুর রব মাতুব্বর (৬০) নামের এক ব্যক্তি নিহত হন।লাকসাম (কুমিল্লা): লাকসাম পৌর শহরের মিশ্রি নামক স্থানে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে একটি অটোরিকশার সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী (অজ্ঞাতনামা) ঘটনাস্থলে নিহত হয়।নীলফামারী: নীলফামারীর ডোমারে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডোমারের বসুনিয়ার হাট সড়কের মোল্লাপাড়ায় একটি ভটভটি ও একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটিটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহত ভটভটির চালক তৈয়বুর রহমানকে (২০) স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।উল্লাপাড়া ও রায়গঞ্জ (সিরাজগঞ্জ): ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়হাটি গ্রামের পাশে শুক্রবার ভোর পাঁচটার দিকে বাঁশবোঝাই একটি ট্রাকের সঙ্গে সিমেন্টবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাঁশবোঝাই ট্রাকের চালক ও তাঁর সহকারী ঘটনাস্থলেই নিহত হন। তাঁদের নাম জানা যায়নি।