চার স্থানে শীতবস্ত্র বিতরণ
হাড় কাঁপানো বাতাসে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। এই অবস্থায় গতকাল শুক্রবার চারটি স্থানে শীতার্ত ব্যক্তিদের কম্বল দিয়েছে বিভিন্ন সংগঠন। এর মধ্যে দিনাজপুর সদরে ৯০০, পার্বতীপুরে ৬০০, নীলফামারীর ডোমারে ৬০০ ও গাইবান্ধার সুন্দরগঞ্জে শতাধিক লোকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সকাল ১০টার দিকে দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম, তাঁর স্ত্রী ও জেলা নারী পুলিশ কল্যাণ সমিতির সভানেত্রী শাহজাদী আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, দিনাজপুর শিল্প ও বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মো. আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ ও সাধারণ সম্পাদক গোলাম নবীসহ বিশিষ্ট ব্যক্তিরা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
এসপি বলেন, গতকাল ৯০০ কম্বল বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন ইউনিয়নেও অনুরূপ কর্মসূচি নেওয়া হয়েছে।
এদিকে পার্বতীপুর বন্ধুসভার উদ্যোগে পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশনে ছিন্নমূল শিশুদের মাঝে ৬০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকা ব্যাংক এসব শীতবস্ত্র দেয়। বিতরণে অংশ নেন ঢাকা ব্যাংকের সৈয়দপুর শাখার কর্মকর্তা মো. ইব্রাহিম, পার্বতীপুর পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজুল ইসলাম, বন্ধুসভার সভাপতি পারুল, সাধারণ সম্পাদক মোস্তাকিনুর রহমান, সদস্য দিয়া, জেসাদ, শাহেদ ও মামুন, সৈয়দপুর বন্ধুসভার তাপস রায়, নিলয় প্রমুখ। এর আগে ছিন্নমূলদের শিক্ষাপ্রতিষ্ঠান শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডোমারে আলোকিত প্রজন্ম মানবসেবা নামের একটি সংগঠন বেলা ১১টার দিকে খাটুরিয়া গ্রামে জাহানারা ইমাম আনন্দলোক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৬০০ কম্বল বিতরণ করে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মনির উল্লাহ, ডোমার থানার এসআই হায়দার আলী, সোনারায় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী প্রমুখ।
ঢাকায় জেলাভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালোবাসি গাইবান্ধা’র উদ্যোগে সুন্দরগঞ্জের ভূরারঘাট ফাজিল মাদ্রাসার মাঠে শতাধিক পরিবারকে কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ভালোবাসি গাইবান্ধার সাধারণ সম্পাদক আবুল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্রাহাম লিংকন, সদস্য জাহিদুল ইসলাম, শিক্ষক শফিকুল ইসলাম, ব্যবসায়ী খালেদ মাসুদ, মনজুরুল হক প্রমুখ।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন দিনাজপুর অফিস এবং গাইবান্ধা, নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি]