চার স্থানে সংঘর্ষে আহত ৬৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যগুদামে গম সরবরাহ করা নিয়ে মেহেরপুরের গাংনীতে গতকাল শনিবার যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। একই দিন সাতক্ষীরার আশাশুনি, মাগুরা ও ফরিদপুরে পৃথক সংঘর্ষে ৬১ জন আহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মেহেরপুর: খাদ্যগুদামে গম সরবরাহ করা নিয়ে গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেনের সমর্থকদের সঙ্গে যুবলীগের যুগ্ম সম্পাদক মজিরুল ইসলামের সমর্থকদের বিরোধ চলছিল। গতকাল সকালে মোশারফের সমর্থকেরা খাদ্যগুদামে গিয়ে মজিরুলের সমর্থকদের কাছ থেকে সরাসরি গম কেনার কার্যক্রম বন্ধ করে দেন। এ নিয়ে বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোশারফ পক্ষের গাংনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ পাঁচজন এবং মজিরুলের পক্ষের দুজন আহত হন। মোশাররফ হোসেন জানান, প্রতিবারের মতো এবারও মজিরুল দুর্নীতির মাধ্যমে গুদামে গম সরবরাহ করছেন। এর প্রতিবাদ করতে গেলে তাঁর কর্মীদের সঙ্গে মজিরুলের কর্মীদের সংঘর্ষ হয়। মজিরুল ইসলাম দাবি করেন, চাষিদের কাছ থেকে তিনি সরকারি মূল্যে গম কিনে সেই গম খাদ্যগুদামে দিচ্ছেন।
সাতক্ষীরা: উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহনেওয়াজের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল কদ্দুসের বিরোধ চলছে। শাহনেওয়াজ অভিযোগ করেন, ১৭ এপ্রিল রুহুল কদ্দুসের নেতৃত্বে কয়েকজন তাঁর তিন সমর্থকের ঘেরের মাছ লুট করে নিয়ে যান।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গদাইপুরে রুহুল কদ্দুসের পক্ষের মনিরুল ও সিরাজুল ইসলামের সঙ্গে তাঁর পক্ষের ইকবাল হোসেন ও মোস্তাকিম মোল্লার কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রুহুল কদ্দুসের নেতৃত্বে ১০-১৫ জন তাঁর পক্ষের ছয়জনকে মারধর করেন। রুহুল কদ্দুস বলেন, তাঁদের বিরুদ্ধে ঘের দখল ও লুটপাটের অভিযোগ মিথ্যা।
মাগুরা: গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে পাওনা টাকা চাওয়া নিয়ে সদর উপজেলার পাটকেলবাড়ী গ্রামে আওয়ামী লীগের সমর্থক মো. মহিউদ্দিনের সঙ্গে জামায়াত কর্মী ওয়াজেদ আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওয়াজেদ আলীকে মহিউদ্দিন ও তাঁর সহযোগীরা মারধর করেন। ওই ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হন।
ফরিদপুর: ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামে গতকাল বৈশাখী মেলায় ওমর আলী খয়রাতি ও সাহেব আলী খয়রাতির পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন এবং পাঁচটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সোয়া পাঁচটার মধ্যে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে শওকত, রছমত, ইসমাইল, হিরু নামের চার ব্যক্তিকে আটক করেছে।