চার স্থানে ৪৫০ কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল শুক্রবার রাজশাহী, নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রামের প্রায় সাড়ে চার শ দুস্থ ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: গোদাগাড়ী উপজেলার প্রসাদপাড়া গ্রামে কম্বল দেওয়া হয়েছে ১০০ জনকে। গতকাল সকালে গ্রামের এরশাদ আলীর বাড়ির প্রাঙ্গণে দুস্থ ব্যক্তিদের হাতে কম্বল তুলে দেন আলোকছত্র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস, সমাজসেবক আনসার আলী, আবুল কালাম, সাহেব জান প্রমুখ। অনুষ্ঠানে বন্ধুসভার বন্ধু মাসুদ রানা, সুলতানা ইসরাত জাহান গিয়াসী, আইয়ুব আলী, শাহানারা জেসমিন, আরজু খাতুন, ভূমিকা আজাদ, ঔড়ব আজাদ, বাঁধন, সবুজ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
নীলফামারী: সকালে সদর উপজেলার চওড়া ইউনিয়নের কাঞ্চনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাঞ্চন পাড়া আদর্শ গ্রাম, কুমিরটারী, কাংকিন পাড়া, ইন্দ্রমোহন পাড়া, ডাঙ্গাপাড়া, কাঞ্চনপাড়া, বাঘপাড়া ও ছত্রছাল এলাকার ১১৫ জন দুস্থকে কম্বল দেওয়া হয়েছে।
কম্বল পেয়ে বাঘপাড়া গ্রামের মেঘ বালা (৮৫) বলেন, ‘জারত মরোছোঁ বাহে। এই কম্বলখান পায়া এলা মোর খুব উপকার হইল। এখান এলা উড়ি থাকির পারিম (গায়ে জড়িয়ে থাকতে পারব)।’
কম্বল বিতরণে সহায়তা করেন নীলফামারী বন্ধুসভার সভাপতি সুধীর রায়, সাধারণ সম্পাদক মারুফ খান, সহসভাপতি রিফাত আরা সিমি, তমা মিমি, চওড়া ইউপি চেযারম্যান জুলফিকার আলী প্রমুখ।
পঞ্চগড়: সকালে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের মণ্ডলপাড়া, কুড়ুলিয়া, মাস্টারপাড়া, সাতখামার, পশ্চিম সাতখামার ও লক্ষ্মীদ্বার গ্রামের ১১০ জনের হাতে কম্বল তুলে দেন সমাজসেবী মো. সোলায়মান হক। সহযোগিতা করেন বন্ধুসভার সদস্য মখলেছার রহমান, পুলক, সবুজ, আফসার।
কুড়িগ্রাম: সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের খাসেরচরের ১২০ জনকে কম্বল দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বন্ধুসভার সভাপতি মোখলেছুর রহমান, সদস্য জাহানুর রহমান, আবদুল লতিফ, জুয়েল, শাওন, লিজা, সিঁথি, দৃষ্টি প্রমুখ।