খুলনার বটিয়াঘাটায় চারটি স্বর্ণালংকারের দোকানে ডাকাতি হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুরে এক বাড়িতে ও মুন্সিগঞ্জের গজারিয়ায় দুই বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা ৩৬ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে। ডাকাতের হামলায় ৩৩ জন আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:খুলনা: বটিয়াঘাটা উপজেলার কৈয়াবাজারে গত রোববার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা বোমা ফাটিয়ে চারটি স্বর্ণালংকারের দোকান থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গত সোমবার তিনজনকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।পুলিশ ও এলাকাবাসী জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র দল কৈয়াবাজারের তিন নৈশপ্রহরীকে বেঁধে ফেলে। রাত সাড়ে তিনটা পর্যন্ত তারা লুটতরাজ চালায়। খবর পেয়ে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতেরা দুটি বোমা ফাটিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ব্যবসায়ী অলক মল্লিক বটিয়াঘাটা থানায় মামলা করেন। পুলিশ সোমবার ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে ডুমুরিরা উপজেলার ফুলবাড়ী গ্রামের ইব্রাহিম শেখ (৩২), ভোলার লালমোহন উপজেলার বালামচরকান্দি গ্রামের আবু তাহের (৩৮) ও ডুমুরিয়া উপজেলার কাগজী গ্রামের আবদুল হালিম জোয়ার্দ্দারকে (২২) গ্রেপ্তার করে। জগন্নাথপুর (সুনামগঞ্জ): উপজেলার দাসনোয়াগাঁও গ্রামের সুলতান মিয়ার বাড়িতে সোমবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। জানা গেছে, একদল মুখোশধারী ডাকাত অস্ত্রসহ বাড়িতে ঢুকে দুটি গুলি ছোড়ে এবং ঘরের দরজা ভেঙে পরিবারের লোকজনকে জিম্মি করে। পরে তারা দেড় লাখ টাকার মালামাল লুটে নেয়।গৃহকর্তা সুলতান মিয়া জানান, আগামী রোববার তাঁর বড় মেয়ের বিয়ের দিন ধার্য করা হয়েছে। রাত আড়াইটার দিকে ডাকাতেরা ঘরে ঢুকে পরিবারের লোকজনকে মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতের হামলায় তিনজন আহত হন।গজারিয়া (মুন্সিগঞ্জ): গত রোববার রাতে উপজেলার আনারপুরা ও ভাটের চর গ্রামের দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাত দলের হামলায় ৩০ জন আহত হয়েছে। পরে তারা ৭০টি মুঠোফোন, স্বর্ণালংকার, মালামালসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। গজারিয়া থানার ওসি মোহাম্মদ আরজু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।