চার স্বেচ্ছাসেবীকে জেল খাটানোয় প্রতিবাদ
‘অদম্য বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার চার কর্মীকে বিনা অপরাধে জেল খাটানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনজিও ফেডারেশন। গতকাল বুধবার ফেডারেশনের পরিচালক এম তাজুল ইসলামের নামে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু পাচারের অভিযোগে গত ১২ সেপ্টেম্বর ওই চার কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। কিন্তু পুলিশের তদন্তে তাঁদের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। গত সোমবার তাঁরা জামিনে মুক্তি পান। এ ধরনের অনেক অজানা নিরীহ ব্যক্তি জেলে হয়রানির শিকার হচ্ছেন। আবার প্রকৃত অপরাধীরা জনসম্মুখে ঘুরে বেড়ানোর খবর পত্রিকায় প্রায়ই দেখা যায়। পুলিশের এ ধরনের খামখেয়ালির জন্য দেশের অনেক উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মানবাধিকারবিরোধী কাজের জন্য বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। বিজ্ঞপ্তি।