চার সড়ক খুঁড়ে রাখা হয়েছে তিন মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জায়গায় জায়গায় পড়ে আছে পাইপ। ইট-মাটি স্তূপ করে রাখা হয়েছে সড়কের দুই পাশে। যান চলাচলের কোনো উপায় নেই। সেই সুযোগে ভ্যানগাড়িতে বসানো হয়েছে সবজির দোকান। ফুটপাতে বসেছে চা-সিগারেটের দোকান।
গতকাল শুক্রবার রাজধানীর মিরপুরের ৭ নম্বর সেকশনের ৪ নম্বর সড়কে গিয়ে দেখা যায় এই দৃশ্য। সড়কটিতে চলছে সংস্কারকাজ। এ কারণে এই হাল সড়কটির। ৪ নম্বর সড়ক ছাড়াও ৭ নম্বর সেকশনের অ্যাভিনিউ ১ এবং ২ ও ৩ নম্বর সড়কের উন্নয়নকাজ চলছে। এসব সড়কে খোঁড়াখুঁড়ি শুরু হয় গত জানুয়ারি মাসে। কর্তৃপক্ষ বলছে, সড়কগুলো ঠিক হতে আরও তিন-চার মাস সময় লাগবে।
এলাকার বাসিন্দারা বলেন, খুবই মন্থর গতিতে কাজ হচ্ছে। সাড়ে তিন মাসে সংস্কারকাজের অর্ধেকও শেষ হয়নি। বসানোর সময়ই ভেঙে যাচ্ছে পানি নিষ্কাশনের অনেক পাইপ। সড়কগুলোর এই অবস্থার কারণে তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৪ নম্বর সড়কের শেষ মাথায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে লাগানো সাইনবোর্ডে দেখা যায়, ৭ নম্বর সেকশনের অ্যাভিনিউ ১ এবং ২, ৩ ও ৪ নম্বর সড়কে ফুটপাত, আরসিসি ড্রেন ও সড়ক উন্নয়নের কাজ চলছে। কাজ শুরু হয়েছে ১ জানুয়ারি। কাজ শেষ করার তারিখ উল্লেখ আছে আগামী ৩০ আগস্ট।
গতকাল সরেজমিনে দেখা যায়, সড়কের কিছু অংশে পানি নিষ্কাশনের পাইপ বসানোর পরে ঢালাই দেওয়া হয়েছে। আবার কিছু সড়কে শ্রমিকেরা মাটি খুঁড়ছেন ও গর্তে পাইপ নামানোর কাজ করছেন। গর্ত খুঁড়ে তোলা মাটি সড়কের পাশে স্তূপ করে রাখায় বাসিন্দাদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় লোকজন বলেন, কয়েক দিনের বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে। বর্ষার আগে কাজ শেষ না হলে দুর্ভোগ আরও বাড়বে। খোঁড়া সড়কের কারণে শুষ্ক মৌসুমে এলাকাবাসী ধুলায় মাখামাখি ছিলেন। গত কয়েক দিনের বৃষ্টিতে পানি আর কাদায় নাকাল তাঁরা।
এলাকার বাসিন্দা মাহবুব এলাহী বলেন, এলাকার রাস্তাগুলো আগে থেকে খারাপ। সংস্কার শুরু হওয়ায় তাঁরা খুশি। কিন্তু খোঁড়া গর্তে ভোগান্তি আরও বেড়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত যেন কাজ শেষ করা হয়।
আরেক বাসিন্দা সালাহউদ্দিন বলেন, বাসার সামনে বড় বড় গর্ত খুঁড়ে রাখা হয়েছে। পানির পাইপ বসানোর পর ঢালাই দেওয়া হয়নি। যেকোনো সময় শিশুরা গর্তে পড়ে যেতে পারে। যত দ্রুত কাজ শেষ করা হবে মানুষের ভোগান্তি কমবে।
বসতবাড়ি ছাড়াও সড়কগুলোর দুই পাশে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান। রয়েছে আসবাব ও তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। কয়েকজন ব্যবসায়ী বলেন, সড়কের এই অবস্থার কারণে তাঁরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মিরপুর ৭ নম্বর সেকশন ডিএনসিসির ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ওয়ার্ডের বেশির ভাগ সড়ক এখনো ভাঙাচোরা। মূল সড়কগুলোর পাশাপাশি এলাকার ভেতরের বিভিন্ন সড়ক খানাখন্দে ভরা।
এ বিষয়ে জানতে চাইলে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রজ্জব হোসেন বলেন, ওয়ার্ডের সড়কগুলোর সংস্কারের কাজ শুরু হয়েছে। পুরো সড়কে পানি নিষ্কাশনের নতুন পাইপ বসানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কারকাজ শেষ করা হবে। গর্তে নামানোর সময় দু-একটি পাইপ ভাঙতে পারে, সেটি সার্বিক চিত্র নয়।