চার সড়ক দুর্ঘটনায় নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজাদপুর ও উত্তরায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। একই দিনে ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চারজন ও ফরিদপুরে দুজন নিহত হন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে আটটার দিকে মো. লিটন (৩০) ও মো. বিল্লাল (২৮) নামের দুই রিকশাচালক শাহজাদপুরের কনফিডেন্স টাওয়ারের সামনের সড়কে রিকশা চালিয়ে যাচ্ছিলেন। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা দুটিকে চাপা দিলে দুই চালকসহ একটি রিকশার আরোহী তাহের উদ্দিন (৬০) নিহত হন। তাহের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। পুলিশ বাস আটক করলেও চালক পালিয়ে যান।
গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে উত্তরার হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের সামনে পিকআপ ভ্যানের চাপায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। সন্ধ্যা পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।
সাভার থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল সকালে একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে ট্রাক ও বাসের ত্রিমুখী সংঘর্ষে চারজন মারা গেছেন। আহত হয়েছেন ১২ জন। নিহত ব্যক্তিদের সবাই বিশ্ব ইজতেমাগামী মুসল্লি বলে জানা গেছে।
ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার জানান, যশোর শহরের হুশতলার রইচ উদ্দিন (২৭), হাজি নাজিম উদ্দিন (৪০) ও নাসির উদ্দিন (৪২) একটি বক্তিগত গাড়িতে ইজতেমায় যোগ দিতে টঙ্গী যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে তাঁদের বহনকারী গাড়িটি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই ঢাকার দিক থেকে আসা একটি ট্রাক পেছন দিক থেকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। চালক রেজোয়ানকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
ফরিদপুর অফিস জানায়, বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ভাবুকদিয়ায় দুর্ঘটনায় নিহত হন সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী গিরি বালা বিশ্বাস (৫৫) ও আনুমানিক ৪৮ বছর বয়স্ক অজ্ঞাতনামা এক ব্যক্তি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ডাঙ্গি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য কাজী জহুরুল হক জানান, একটি যাত্রীবাহী বাস ডিজেলচালিত তিন চাকার পরিবহন মাহেন্দ্রকে চাপা দিলে তাঁরা মারা যান।