চার সড়ক ভেঙেচুরে একাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিকানা নিয়ে সওজ এবং এলজিইডির ঠেলাঠেলির কারণে মাগুরার মহম্মদপুরে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ চারটি সড়কের সংস্কারকাজ এক দশকেও হয়নি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়ক চারটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সওজ বলছে, সড়ক চারটি তাদের না, এলজিইডির। এলজিইডি বলছে, সড়কগুলো সওজের। মালিকানা নিয়ে সরকারের এই দুই দপ্তরের ঠেলাঠেলির কারণে চরম ভোগান্তিতে পড়েছে এ সড়কগুলোয় চলাচলকারী ব্যক্তিরা।

সংস্কারবিহীন পড়ে থাকা সড়ক চারটি হচ্ছে, নহাটা থেকে পলিতা (৪ কিলোমিটার দীর্ঘ), নহাটা থেকে লাহুড়িয়া (১২ কিলোমিটার দীর্ঘ), নহাটা থেকে মিঠাপুর (১০ কিলোমিটার দীর্ঘ) ও মহম্মদপুর থেকে কালীশংকরপুর (১৪ কিলোমিটার দীর্ঘ) সড়ক। গুরুত্বপূর্ণ এ ৪টি সড়ক উপজেলা ও জেলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে।

সম্প্রতি সরেজমিনে দেখা গেল, গ্রামীণ এই সড়ক ৪টির ৮০ ভাগই ভাঙাচোরা। যানবাহন এমনকি মানুষের হাঁটাচলারও অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের অধিকাংশ জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। উঠে গেছে পিচ ও পাথর। ভাঙাচোরা ক্ষতবিক্ষত সড়ক ৪টি পাকা না কাঁচা, তা বোঝা মুশকিল। যানবাহনের চলাচলের সময় ধুলায় সড়কের পাশের সবুজ গাছপালা ধূসর রূপ ধারণ করে। আবার বর্ষায় পানি-কাদায় সড়ক একাকার হয়ে যায়। সড়কগুলোর কোথাও কোথাও ভেঙে দুই-তিন ফুট পর্যন্ত গভীর গর্ত হয়ে গেছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে। প্রায় ১০ বছর ধরে সড়কগুলোর এমন দুরবস্থা, জানালেন স্থানীয় ব্যক্তিরা।

দুর্ভোগের কথা বলতে গিয়ে নহাটা-লাহুড়িয়া সড়কে চলাচলকারী ট্রাকচালক মফিজুর রহমান বলেন, ‘নহাটা থেকে মাল নিয়ে নড়াইল হয়ে যশোর-খুলনায় নিয়মিত যাতায়াত করি। দূরত্ব কম। সময় ও তেল খরচ বাঁচে। কিন্তু রাস্তার যা অবস্থা! খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত রাস্তা ঠিক না করলে এ পথে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে।’

মহম্মদপুর-কালিশংকরপুর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চালক নজরুল ইসলাম বলেন, ‘সব সময় ভয়ে থাকি। কখন অটো উল্টে যায়। প্রায়ই অটো উল্টে দুর্ঘটনা ঘটে। বর্ষায় পানি-কাদায় চলাচল করা যায় না।’

জানতে চাইলে মহম্মদপুর উপজেলা প্রকৌশলী মো. রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রায় ১০ বছর আগে এসব সড়ক এলজিইডির কাছ থেকে সওজের কাছে হস্তান্তর করা হয়। এলজিইডির মালিকানাধীন থাকাকালে সড়কগুলো সুন্দর ছিল। এখন অবস্থা খুবই খারাপ।

খোঁজ নিয়ে জানা গেল, নহাটা থেকে পলিতা অংশে নবগঙ্গা নদীর ওপর ২০১৩ সালে সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে ২০০ মিটার দৈর্ঘ্য সেতু নির্মাণ করে এলজিইডি। কিন্তু পাশের চার কিলোমিটার সড়কের দেখভালের দায়িত্ব হস্তান্তর করা হয় সওজের কাছে। সওজ এই সড়ক সংস্কার করেনি। প্রতিদিন শত শত মানুষ এই সেতু পার হয়ে মাগুরা শহর ও পাশের জেলা নড়াইল হয়ে যশোর-খুলনায় যাতায়াত করে। কিন্তু সড়কের বেহালের কারণে মানুষকে দুর্ভোগে পড়তে হয়।

নহাটা-পলিতা সড়কের পাশে বারইপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ ভট্টাচার্য বলেন, শুষ্ক মৌসুমে বাস-ট্রাক দূরে থাক, মোটরসাইকেল কিংবা অটোরিকশা চলাচল করলেও সড়কের আশপাশ ধুলায় একাকার হয়ে যায়।

স্থানীয় নহাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলী মিয়া বলেন, ‘চারটি সড়ক এখন এ অঞ্চলের মানুষের মরণফাঁদ। এগুলো দ্রুত সংস্কার করতে হবে।’ জিজ্ঞেস করা হলে মাগুরা সওজের নির্বাহী প্রকৌশলী মো. নূরুন্নবী তরফদার প্রথম আলোকে বলেন, ‘সড়ক চারটি আমাদের মালিকানাধীন না, এলজিইডির। তাই সড়কের সংস্কার বা রক্ষণাবেক্ষণ আমরা করি না।’

তবে মাগুরা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইফতেখার আলী বলেন, ‘সড়ক চারটির মালিকানা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। তাই মেরামত, সংস্কার বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের। আমাদের কোনো সড়কের এমন বেহাল নেই।’