চার হলে বিক্ষোভ ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ইফতার বিতরণে অনিয়মের অভিযোগে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি হলে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। এ সময় হলের প্রাধ্যক্ষদের অবরুদ্ধ করে রাখা হয়।
অবরোধের শিকার প্রাধ্যক্ষরা হলেন: কবি জসীমউদ্দীন হলের অধ্যাপক মো. রহমত উল্লাহ, হাজী মুহম্মদ মুহসীন হলের অধ্যাপক আলী আক্কাস, স্যার এ এফ রহমান হলের অধ্যাপক আজিজুর রহমান ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন। এ সময় জসীমউদ্দীন ও এফ রহমান হলে ভাঙচুর করা হয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন শিক্ষার্থীদের ইফতারের জন্য বরাদ্দ টাকার একটা অংশ আত্মসাৎ করে হলে নিম্নমানের খাবার দিয়েছে। মুহসীন হলের একাধিক শিক্ষার্থী জানান, ইফতারের খাবার থেকে পচা গন্ধ আসছিল। শিক্ষার্থীদের বিক্ষোভের সময় প্রাধ্যক্ষ মসজিদে আটকা পড়েন। এফ রহমান হল ও জসীমউদ্দীন হলের শিক্ষার্থীদের অভিযোগ, হলের সব শিক্ষার্থীকে খাবার দেওয়া হয়নি। জসীমউদ্দীন হলের প্রাধ্যক্ষকে ডাইনিং কক্ষে ইফতারের আেগ দুই ঘণ্টা আটকে রাখেন তাঁরা। জানতে চাইলে প্রাধ্যক্ষ অধ্যাপক মো. রহমত উল্লাহ বলেন, শুধু আবাসিক ও দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের খাবার দেওয়ার সিদ্ধান্ত হলেও খাবার বিতরণের সময় অনাবাসিক শিক্ষার্থীরাও লাইনে দাঁড়িয়ে বিশৃঙ্খলা করে। অন্য হলের প্রাধ্যক্ষরাও প্রায় একই কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, কার অভিযোগ কতটা সত্য, তা খতিয়ে দেখা হবে।