চার হাজার একর জমি অনাবাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদী থেকে বরুলিয়া খালটি জোয়ানশাহী হাওরের প্রায় ১১ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে। ৩৫ বছর ধরে খালটি পুনঃখনন হচ্ছে না। এতে করে পলি জমে খালটি ভরাট হয়ে গেছে। এ অবস্থায় সেচের অভাবে চার হাজার একর জমি অনাবাদি রয়েছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জোয়ানশাহী হাওরে নিকলী, মিঠামইন, অষ্টগ্রাম, বাজিতপুর, কটিয়াদী ও কিশোরগঞ্জ সদর উপজেলার কৃষকদের ৫০ হাজার হেক্টর জমি রয়েছে। 

নিকলী উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা করিম মিয়া জানান, বরুলিয়া খালটি বাজিতপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাভুক্ত। এ খাল পুনঃখনন না করায় পানির অভাবে নিকলী ও অষ্টগ্রাম মৌজার হাওরের প্রায় চার হাজার একর জমি অনাবাদি রয়েছে। তবে ১৯৭৮-৭৯ সালে বাজিতপুর পাউবো ওই খালের মাত্র তিন কিলোমিটার পুনঃখনন করে। এতে খালটিতে কিছু পানি প্রবাহিত হয়। ফলে কিছু অনাবাদি জমিতে আবাদ শুরু হয়। কিন্তু পলি জমে খালটি আবার ভরাট হয়ে গেছে। বাধ্য হয়ে অনেক কৃষক ডিজেলচালিত অগভীর নলকূপের (শ্যালো মেশিন) পানির সাহায্যে বোরো চাষ করছেন। কিন্তু এতে খরচ অনেক বেশি পড়ছে। এ অবস্থায় অধিকাংশ কৃষক বোরো চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন।

নিকলীর বানিয়াহাটি গ্রামের কৃষক শুক্কুর মাহমুদ জানান, কয়েক বছর ধরে শুকনো মৌসুমের শুরুতে কৃষকেরা কয়েকটি সমিতি করে খালের বিভিন্ন স্থানে বাঁধ তৈরি করছেন। পরে তাঁরা বাঁধের ওপর পানির পাম্প বসিয়ে জমিতে সেচের ব্যবস্থা করছেন। কিন্তু এ জন্য কৃষকদের একরপ্রতি ১০-১২ মণ ধান দিতে হচ্ছে পাম্পমালিকদের। এতে তাঁদের ক্ষতির শিকার হতে হচ্ছে।

নিকলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন জানান, বরুলিয়া খালটি পুনঃখনন করতে পাউবোকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না। খালটি খনন না করায় প্রতিবছরই অকালবন্যায় কয়েক হাজার একর বোরো জমির ধান পানিতে তলিয়ে যায়। বন্যায় হাওরের বোরো ফসল হারিয়ে অনেক কৃষক নিঃস্ব হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে দিনমজুরের কাজ করছেন।

পাকুন্দিয়া উপজেলার কৃষক মো. কাশেম বলেন, ‘সরকার খালটি খনন করলে আমরা বোরো চাষ করে ভালোভাবে চলতে পারতাম।’

নিকলী, মিঠামইন, বাজিতপুর ও অষ্টগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা যথাক্রমে শফিকুল ইসলাম, শাহীনুল ইসলাম, আবু মো. এনায়েত উল্লা ও শেখ মো. ফরিদ জানান, খালটি পুনঃখনন করতে প্রতিটি উপজেলা কৃষি কার্যালয় ও উপজেলাগুলোর সেচ কমিটি কয়েক দফা পাউবোকে চিঠি দিয়েছে। এতেও কাজ না হওয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) সেচ প্রকল্প বরাবর চিঠি পাঠানো হয়েছে। খালটি পুনঃখনন করলে হাওরে প্রায় ১০ লাখ মণ ধান বেশি উৎপাদিত হবে। পাউবোর কিশোরগঞ্জ ও বাজিতপুর অঞ্চলের উপসহকারী প্রকৌশলী মোশারফ হোসেন বলেন, ‘২০১০ সালে স্থানীয় সাংসদ আফজাল হোসেন বরুলিয়া খালটি পুনঃখননের কথা বলেন। পরে খালটি পুনঃখননের জন্য আমরা কয়েক দফায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দিই। আশা করি, আগামী বোরো মৌসুমের আগেই খালটি খনন করা সম্ভব হবে।’