ফেনীর পরশুরামে কহুয়া নদীর পানি শুকিয়ে যাওয়ায় পৌর এলাকা, বক্স মাহমুদ ও ফুলগাজী ইউনিয়নের প্রায় চার হাজার একর জমিতে বোরো আবাদ বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। পানি শুকিয়ে যাওয়ায় নদীর দুই পাশে ৩০টি সেচপাম্প বন্ধ হয়ে গেছে। কহুয়া নদীতে পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে কৃষকেরা গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদারের কাছে লিখিত দিয়েছেন।লিখিত অভিযোগে জানা গেছে, মুহুরী ও কহুয়া নদীর মোহনায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলার কারণে মোহনা গভীর হয়ে যাওয়ায় শুধু মুহুরী নদীতে পানি প্রবাহিত হয়। কিন্তু কহুয়া নদী শুকিয়ে গেছে। নদী শুকিয়ে যাওয়ায় পরশুরাম পৌর এলাকার উত্তর কোলাপাড়া, দক্ষিণ কোলাপাড়া, গুথুমা, বাঁশপদুয়া, বাউর খুমা, শলিয়া গ্রাম, বক্স মাহমুদ ইউনিয়নের কহুয়া, তালবাড়িয়া, উত্তর টেটেশ্বর, দক্ষিণ টেটেশ্বর, সাত কুচিয়া, জমিয়ার গাঁও, বেড়াবাড়িয়া, বাঘমারা গ্রাম এবং পার্শ্ববর্তী ফুলগাজী ইউনিয়নের উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুর, ঘনিয়ামোড়া গ্রামের প্রায় চার হাজার একর জমিতে বোরো আবাদ বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে।বক্স মাহমুদ ইউনিয়নের কহুয়া গ্রামের কৃষক হানিফ, ধন মিয়া, রফিকুল ইসলাম জানান, গত বছরও নদীর পানি শুকিয়ে গিয়েছিল। সে সময় কৃষকদের স্বেচ্ছাশ্রম ও পৌরসভার অর্থায়নে মুহুরী ও কহুয়া নদীর মোহনায় অস্থায়ী বাঁধ দিয়ে কহুয়া নদীতে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল।পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা হানিফ ই হায়দার জানান, মোহনায় ড্রেজার দিয়ে বালু তোলার কারণে মোহনা গভীর হয়ে যাওয়ায় কহুয়া নদীতে পানি প্রবাহিত হয় না। তাই কৃষকদের চাষাবাদ বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্মল কান্তি চাকমা বলেন, গত বছরের মতো এবারও মুহুরী ও কহুয়া নদীর মোহনায় অস্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে সেচের পানির সমস্যা সমাধানের পরিকল্পনা নেওয়া হয়েছে।